সানা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কয়েক সপ্তাহ ধরে চলতে থাকা রাজনৈতিক সহিংসতা ও সংঘর্ষের ইতি টানতে বিরোধীদের প্রতি সৌদি আরবে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ।
গাল্ফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) সোমবার রাজনৈতিক অস্থিরতার মধ্যে থাকা উপসাগরীয় দেশগুলোর সরকার ও সরকার বিরোধীদের সৌদি আরবে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে। তবে আলোচনার দিনক্ষণ এখনও ঠিক হয়নি।
প্রেসিডেন্ট সালেহ মঙ্গলবার আমন্ত্রণ গ্রহণ করে বিরোধীদের প্রতিও আমন্ত্রণ গ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন,"আমরা সহিংসতা বন্ধ করতে বিরোধী জোটকে আমন্ত্রণ গ্রহণ করে আলোচনার টেবিলে বসার আহ্বান জানাচ্ছি।"
কিন্তু প্রতিবেশী দেশগুলোর মধ্যস্থতার উদ্যোগ এবং তাতে ইয়েমেনের প্রেসিডেন্টের সাড়া সত্ত্বেও প্রতিবাদ-বিক্ষোভ বন্ধ হচ্ছে না। মঙ্গলবার রাজধানী সানায় সালেহ সমর্থক এবং বিদ্রোহী জেনারেল আলী মোহসেন বাহিনীর মধ্যে সংঘর্ষে আরো ৩ জন নিহত এবং ১৫জন আহত হয়েছে।
গত মাসে সালেহর পক্ষত্যাগকারী জেনারেল আলি মোহসেন জানান, তিনি সৌদিআরবে আলোচনার আমন্ত্রণ গ্রহণ করেছেন।
বিরোধীদলগুলোর সম্মিলিত জোটের মুখপাত্র মোহাম্মদ আল সাবরি বলেন, বিরোধীরা ইয়েমেনি জনগণের পছন্দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে জন্য জিসিসি'র উদ্যোগকে স্বাগত জানাচ্ছে। তবে তারা আগে অবিলম্বে প্রেসিডেন্ট সালেহ'র পদত্যাগ চায়।
"সালেহ'র পদত্যাগের যে কোনো উদ্যোগকেই বিরোধীরা স্বাগত জানাবে", বলেন তিনি।
ওদিকে, সৌদি আরবে নিযুক্ত কয়েকজন পশ্চিমা রাষ্ট্রদূত জানিয়েছেন, সৌদি আরব সালেহর জায়গায় মোহসেন কে ইয়েমেনের ক্ষমতায় বসাতে ইচ্ছুক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬০৭ ঘ.
bdnews24