২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে বিক্ষোভে ফের গুলি, সহিংসতা

ইয়েমেনে মঙ্গলবারের বিক্ষোভে আবারো গুলি ও সহিংসতার ঘটনা ঘটেছে। রাজধানী সানায় প্রেসিডেন্ট সালেহ এর সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ১ জন। আহত হয়েছে ৮ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 11:31 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

সানা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--ইয়েমেনে মঙ্গলবারের বিক্ষোভে আবারো গুলি ও সহিংসতার ঘটনা ঘটেছে। রাজধানী সানায় প্রেসিডেন্ট সালেহ এর সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ১ জন। আহত হয়েছে ৮ জন। রয়টার্সের এক সাংবাদিক জানান, সানায় বিক্ষোভকারীরা তাদের শিবির থেকে বিক্ষোভ করে সামনে আগানোর চেষ্টা চালানোর সময় সেনারা তাদের বাধা দিলে দুপক্ষে সংঘর্ষ বেধে যায়। নিরাপত্তা বাহিনী গুলি ছুড়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে বিক্ষোভকারীরা পাল্টা জবাবে তাদের দিকে পাথর ছুড়ে মারে। হতাহতদের এম্বুলেন্সে করে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান তিনি। সোমবার নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৫ জন নিহত হওয়ার পরদিনই বিক্ষোভে আবার এ গুলিবর্ষণের ঘটনা ঘটলো। আগের খবরে বলা হয়েছে, সানার দক্ষিণে তিজ শহরে মঙ্গলবার বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী ও সাদা পোশাক পরিহিত অস্ত্রধারীরা। প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানায়, বেশ কয়েকজনের দেহে গুলি লেগেছে। তবে হাসপাতাল সূত্রে হতাহতের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি সংবাদমাধ্যম। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় এক লাখ লোকের বিক্ষোভ মিছিলে চড়াও হয় নিরাপত্তা বাহিনীর কয়েকশ সদস্য। হামলাকারীদের মধ্যে সাদা পোশাক পরিহিত অস্ত্রধারী ছিল যারা পুলিশ সদস্য হতে পারে বলে মনে করছে প্রত্যক্ষদর্শীরা। তারা জানায়, সাদা পোশাকধারীরা ওয়েল্ডিং ব্যাট ও ডেগার নিয়ে হামলা চালায়। পাল্টা জবাবে বিক্ষোভকারীরা তাদের লক্ষ্য করে পাথর ছুড়ে। ওদিকে, আরেক খবরে জানা গেছে, ইয়েমেন মঙ্গলবার উপসাগরীয় আরব দেশগুলোর আলোচনার আহ্বানে সাড়া দিয়েছে। সঙ্কট নিরসনে 'গাল্ফ কোঅপারেশন কাউন্সিল' (জিসিসি) ইয়েমেন সরকার এবং বিরোধীদলীয় প্রতিনিধিদেরকে রিয়াদে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। তবে আলোচনার দিন এখনো নির্ধারিত হয়নি। ইয়েমেনের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আবুবকর আল কিরবি বলেন, "আমরা জিসিসি'র আমন্ত্রণকে স্বাগত জানিয়েছি। সঙ্কট নিরসনে সরকার আমাদের উপসাগরীয় ভাইদের কাছ থেকে যে কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা করতে প্রস্তুত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭২৭ ঘ.