টোকিও, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপান পরমাণু সঙ্কট নিরসনে রাশিয়ার সহায়তা চেয়েছে। ফুকুশিমা কেন্দ্রের দূষিত তরল বর্জ্যকে কঠিন বর্জ্যে রূপান্তর করতে রাশিয়াকে একটি ভাসমান 'রেডিয়েশন ট্রিটমেন্ট প্লান্ট' পাঠানোর অনুরোধ জানিয়েছে জাপান।
রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।
'সুজুরান' নামের ঐ প্লান্ট জাপানের নিকটবর্তী রুশ সমুদ্রবন্দর ভাদিভস্তুকে পারমাণবিক ডুবোজাহাজ প্রত্যাহারের কাজে ব্যবহার করা হয় বলে জানায় ইন্টারফ্যাক্স।
এর আগে দুর্ঘটনা কবলিত পরমাণু প্রকল্প নিয়ন্ত্রণের জন্য যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের কাছে সহয়তা চেয়েছিল জাপান। এবার রাশিয়ার কাছেও তারা সহয়তা চাইল।
বিশ্বের অন্যতম বৃহত্তম তরল তেজস্ক্রিয়তা নিরোধক প্লান্ট 'সুজুরান' । প্লান্টটি রাসায়নিক পদার্থ ব্যবহার করে তেজস্ক্রিয় তরলকে শক্ত ঘনবস্তুতে পরিণত করে সংরক্ষণ করে।
পরমাণু প্রকল্পটির পরিচালনাকারী প্রতিষ্ঠান টেপকোর প্রকৌশলীরা শুক্রবার ক্ষতিগ্রস্থ ফুকুশিমা দাইচি পরমাণু প্রকল্পের তেজস্ক্রিয় তরল (পানি) সাগরে ফেলতে শুরু করে। সহনীয় মাত্রার একশগুণ বেশী তেজস্ক্রিয় ১১ হাজার ৫শ মেট্রিক টন পানি সাগরে ফেলা হবে।
সুজুরান দৈনিক ৩৫ঘনমিটার তরল বর্জ্য এবং বার্ষিক ৭হাজার ঘনমিটার তরল বর্জ্যকে শক্ত ঘনবস্তুতে পরিণত করতে পারে।
এ পক্রিয়ায় পরমাণু সঙ্কট সামাল দেওয়ার চেষ্টা নেওয়া ছাড়াও প্রকল্পের দুষিত তরল ছড়িয়ে পড়া রোধ করতে টেপকোর প্রকৌশলীরা পলিস্টার ফেব্রিক ব্যবহার করে সাগরে দুটি বিশাল বাঁধ তৈরীরও পরিকল্পনা করছেন।
তারা রঞ্জক পদার্থ ব্যবহার করে প্রকল্পটির যে ফাটল দিয়ে তেজস্ক্রিয় পদার্থ বের হয়ে আসছে তা খুঁজে বের করার চেষ্টা করছেন।
ম্যাগনিচিউড স্কেলে ৯ মাত্রার ভূমিকম্প ও ভয়াবহ সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা দাইচি পরমাণু কেন্দ্রটির পরিস্থিতি দুর্ঘটনার তিন সপ্তাহ পরেও নিয়ন্ত্রণ করতে পারছেন না টেপকোর প্রকৌশলীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭১২ ঘ.
bdnews24