ওয়াশিংটন, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দীর্ঘ মেয়াদী জ্বালানি চাহিদা মেটানো ও অভ্যন্তরীণ অর্থনীতি শক্তিশালী করতে হলে আমদানিনির্ভর খনিজ তেলের ব্যবহার কমাতে হবে। আর এ জন্য দূষণমুক্ত জ্বালানি কৌশল খাতে বিনিয়োগ করতে হবে।
শনিবার সাপ্তাহিক ইন্টারনেট ও রেডিও ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এসব কথা বলেন।
ওবামা বলেন, "যদি আমরা খনিজ তেলের ব্যবহার কমাতে পারি, যদি আমরা দূষণমুক্ত জ্বালানী ও কার্যকারিতা বৃদ্ধির কৌশল উদ্ভাবনে বিনিয়োগ করি, তাতেই সত্যিকার অর্থে জ্বালানি নিরাপত্তা আসতে পারে"।
দেশব্যাপী ক্রমবর্ধমান তেল অনুসন্ধান জ্বালানি সমস্যা সমাধানের অন্যতম উপায় হতে পারে বলে জানান ওবামা।
তবে জ্বালানি সাশ্রয়ী গাড়ি ও দূষণমুক্ত জ্বালানি কৌশল উদ্ভাবন খাত নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করতে ও অর্থনীতিকে জ্বালানি মূল্যের অস্থিরতার হাত থেকে বাঁচাতে পারে বলে ওবামা মন্তব্য করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩৬ ঘ.
bdnews24