২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওমানে বিক্ষোভে সহিংসতায় নিহত ১

ওমানে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় একজন নিহত হয়েছে। আটক হয়েছে ৬০ বিক্ষোভকারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2011, 04:05 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

মাস্কট, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওমানে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় একজন নিহত হয়েছে। আটক হয়েছে ৬০ বিক্ষোভকারী। বিক্ষোভকারীরা জানায়, সোহর শহরে শুক্রবারের ওই বিক্ষোভে সহিংসতায় রাবার বুলেটবিদ্ধ এক যুবকের (২৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লাঠিপেটা করেছে এবং তাদের ওপর কাঁদানে গ্যাস ছুড়েছে। ওমানের জেনারেল প্রসিকিউটর এক বিবৃতিতে বলেন, গত মঙ্গলবার আটক হওয়া বিক্ষোভকারীদের মুক্তি দাবিতে অনেকে নিরাপত্তা বাহিনীর ওপর পাথর ছোড়ে এবং ছোরা দিয়ে আক্রমণ চালায়। নিরাপত্তা বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। বিবৃতিতে বলা হয়, সহিংসতায় পাঁচজন আহত হয় যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। ওমানে দিনে ৮ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করা হয়। এ কাজে নিয়োজিতদের মজুরি বৃদ্ধি, দেশে দুর্নীতি রোধ এবং বেকারত্ব হ্রাসের দাবিতে গত পাঁচ সপ্তাহ ধরে দেশটিতে বিক্ষোভ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এএইচ/২১৫৭ ঘ.