২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান ৪টি পরমাণু চুল্লি বন্ধ করবে, বাড়াবে নিরাপত্তা

জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা কেন্দ্রের চারটি পরমাণু চুল্লি বন্ধ করে দেবে জাপান। চুল্লিগুলো নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে জাপান এগুলো বন্ধ করছে। একইসঙ্গে অন্য পরমাণু প্রকল্পগুলোর নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা নিচ্ছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 02:37 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

টোকিও, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা কেন্দ্রের চারটি পরমাণু চুল্লি বন্ধ করে দেবে জাপান। চুল্লিগুলো নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে জাপান এগুলো বন্ধ করছে। একইসঙ্গে অন্য পরমাণু প্রকল্পগুলোর নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা নিচ্ছে তারা। ৫৫ টি পরমাণু বিদ্যুৎ প্রকল্পে অবিলম্বে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ভূমিকম্প ও সুনামির সময় কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা যে পর্যাপ্ত ছিল না তা এ থেকেই স্পষ্ট হয়ে উঠেছে। তিন সপ্তাহের চেষ্টাতেও ফুকুশিমা কেন্দ্রের ১ থেকে ৪ নাম্বার চুল্লিগুলো নিয়ন্ত্রণে আনতে না পেরে এগুলো বন্ধ করার ঘোষণা দিয়েছে টোকিও ইলেকট্রিক পাওয়ার (টেপকো)। পুরো অঞ্চলে মাত্রাতিরক্ত তেজস্ত্রি"য়তা ছড়িয়ে পড়েছে। বুধবার ফুকুশিমার ক্ষতিগ্রস্ত ২য় আরেকটি পরমাণু কেন্দ্র থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। দাইনি কেন্দ্রের পরিস্থিতি কতটা মারাত্মক তা এখনো বোঝা যাচ্ছে না। দাইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে দাইনি প্রকল্পের দূরত্ব কয়েকমাইল। দাইচি পরমাণু শক্তিকেন্দ্রের কাছে সাগরের পানিতে তেজস্ক্রিয়তার মাত্রা আগের চেয়ে অনেক বেড়েছে বলে ইতোমধ্যেই জানিয়েছেন জাপানের কর্মকর্তারা। নতুন হিসাবে সাগরের একটি অংশে অনুমোদিত মাত্রার ৩,৩৫৫গুণ বেশী তেজস্ক্রিয় আয়োডিন ধরা পড়েছে। আগে এর মাত্রা ছিল অনুমোদিত মাত্রার ১,৮৫০গুণ বেশী। ফুকুশিমা কেন্দ্রের ১নম্বর পরমাণু চুল্লির কাছে সাগরের পানিতে এই মাত্রা শনাক্ত হয়েছে। চুল্লিটি সাগর তীর থেকে ৩০০মিটার দূরে অবস্থিত। বিবিসির টোকিও প্রতিনিধি মার্ক ওর্থিংটন বলেছেন, এতদূরে তেজস্ক্রিয়া ছড়ানোয় এটি স্পষ্ট যে ক্ষতিগ্রস্ত কেন্দ্র থেকে উচ্চমাত্রার তেজস্ক্রিয় উপাদান সাগরের পানিতে মিশছে। পরিস্থিতির ভয়াবহতার কথা বিবেচনা করে পরমাণু কেন্দ্রগুলোতে অবিলম্বে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নিচ্ছে জাপান। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২০৩৭ ঘ.