ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় জার শহরে একটি অস্ত্র কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০ জন।
প্রাথমিকভাবে এ বিস্ফোরণে ৭৮ জন নিহত হয় বলে জানানো হয়। কিন্তু পরবর্তী সময়ে আরো অনেক মৃতদেহের খোঁজ পাওয়া যায় বলে মঙ্গলবার বিবিসি অনলাইন জানায়।
স্থানীয় কর্মকর্তারা জানান, যতগুলো লাশ পাওয়া গেছে এবং যে কয়জন নিখোঁজ হয়েছে তার ভিত্তিতে মৃতের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। বেশ কয়েকটি লাশ আগুনে পুড়ে গেছে বলে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলেও তারা জানান।
এ ঘটনায় প্রায় ৮০ জন মানুষ আহত হয়েছেন।
বিস্ফোরণের জন্য আল কায়েদাকে দায়ী করছে ইয়েমেনে কর্তৃপক্ষ। তারা জানায়, রোববার আল কায়েদার যোদ্ধারা অস্ত্র ও গুলি চুরির উদ্দেশে ওই কারখানায় ঢোকে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনা ক্ষোভের সৃষ্টি করেছে। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়ের লক্ষ্যে এটি একটি পরিকল্পিত ঘটনা।
অস্ত্র কারখানায় বিস্ফোরণের পেছনে সরকারকে দায়ী করে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর এডেন-এ মঙ্গলবার বিক্ষোভ করে শত শত মানুষ।
বিশ্লেষকদের আশঙ্কা, আল কায়েদা সম্পৃক্ত গোষ্ঠী ইয়েমেনে সরকারবিরোধী অস্থিতিশীলতার সুযোগ নিতে পারে।
ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হওয়ার এক সপ্তাহ পর এ বিস্ফোরণের ঘটনা ঘটলো।
সরকার বিরোধীপক্ষ থেকেও প্রেসিডেন্ট সালেহ'র পদত্যাগের দাবি উঠেছে। কিন্তু সহসাই ক্ষমতা ছাড়ছেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
ইয়েমেন আরব উপত্যকায় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। দেশটি সন্ত্রাসের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪২৭ ঘ.
bdnews24