২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতের মধ্যস্থতা নাকচ করলো বাহরাইন

বাহরাইনের রাজনৈতিক সংকট নিরসনে কুয়েতের মধ্যস্থতার প্রস্তাব সোমবার পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ বিন আহমেদ মোহাম্মদ আল খলিফা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 10:48 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

দুবাই, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---বাহরাইনের রাজনৈতিক সংকট নিরসনে কুয়েতের মধ্যস্থতার প্রস্তাব সোমবার পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ বিন আহমেদ মোহাম্মদ আল খলিফা। বাহরাইনের সবচেয়ে বড় শিয়া বিরোধীদল ওয়েফাক রোববার দেশের সঙ্কট নিরসনে সরকারের সঙ্গে আলোচনায় কুয়েতের মধ্যস্থতার প্রস্তাব গ্রহণ করার কথা জানানোর পর সরকার তা নাকচ করলো। ওয়েফাক এর এক সদস্য জাসিম হুসেইন রোববার বলেন, সংকট নিরসনে কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল সাবাহ বাহরাইনের ক্ষমতাসীন আল খলিফা পরিবারের সঙ্গে শিয়া বিরোধীদলের আলোচনায় মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। একে আমরা স্বাগত জানাই। কিন্তু এরপরদিনই বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ তার টুইটারের বার্তায় জানালেন, কুয়েতের মধ্যস্থতায় আলোচনা হওয়ার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, "বাহরাইনে কুয়েতের কোনোরকম মধ্যস্থতার কথাবার্তা পুরোপুরি মিথ্যা।" তিনি আরো বলেন, "আগে এরকম চেষ্টা চলেছে। তবে এর কোনো জবাব দেওয়া হয়নি। কিন্তু এখন সামরিক আইনের কারণে সে প্রচেষ্টার ইতি ঘটেছে।" বাহরাইনে কয়েক সপ্তাহের শিয়া বিক্ষোভ ১৬ মার্চে ছত্রভঙ্গ করে নিরাপত্তা বাহিনী। এরপরপরই বাদশাহ দেশে সামরিক আইন জারি করেন এবং বিক্ষোভ মোকাবেলায় প্রতিবেশী দেশগুলো থেকে সেনা চেয়ে পাঠান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৬৪৭ ঘ.