ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে ভারত-পাকিস্তানের খেলা একসঙ্গে বসে দেখবেন মনমোহন সিং ও ইউসুফ রাজা গিলানি।
আগামী বুধবার পাঞ্জাবের মোহালি স্টেডিয়ামে এ খেলা হবে। খেলা উপভোগের জন্য ভারতের প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
ভারতীয় কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি শনিবার জানিয়েছে, গিলানি সে আমন্ত্রণে সাড়া দিয়েছেন।
পাক-ভারত এ সেমিফাইনাল নিয়ে শুধু দেশ দুটিতেই নয়, ভারতীয় উপমহাদেশজুড়ে ক্রিকেটপ্রেমীরা উদগ্রীব হয়ে অপেক্ষা করছে।
কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তান হারায় ওয়েস্ট ইন্ডিজকে।
রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বৈরীভাবাপন্ন হলেও ক্রিকেট খেলা দেখতে দুই দেশের রাষ্ট্রনেতারা এর আগেও একসঙ্গে বসেছিলেন।
২০০৫ সালে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ নয়াদিল্লিতে মনমোহনের সঙ্গে স্টেডিয়ামে বসে খেলা দেখেছিলেন। এরও আগে ১৯৮৭ সালে জয়পুরে একসঙ্গে খেলা দেখেছিলেন সে সময়কার পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক ও ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১১১ ঘ.
bdnews24