দামেস্ক, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর দেরায় একটি মসজিদের বাইরে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। মঙ্গলবার বিক্ষোভকারীরা এ মসজিদে সমবেত হয়েছিলো বলে জানিয়েছে এলাকার অধিবাসীরা।
বুধবার মধ্যরাতের পর দেরার ওমারি মসজিদে এ হামলা চালায় নিরাপত্তা বাহিনী। শুক্রবার থেকে সরকারবিরোধী বিক্ষোভের কেন্দ্রস্থল হয়ে ওঠে এই মসজিদ।
রাজনৈতিক স্বাধীনতা ও দুুর্নীতি বন্ধের দাবিতে গত ছয়দিন ধরে বিক্ষোভ চলছে সিরিয়ায়। বিক্ষোভ দমন করতে মাঠে নামা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ নিয়ে মোট ১০ জন নিহত হলো।
মঙ্গলবার বিক্ষোভকারীরা ওমারি মসজিদ চত্বরে তাঁবু খাটিয়ে অবস্থান নিয়ে সরকার বিরোধী দীর্ঘমেয়াদী বিক্ষোভের পরিকল্পনা করে।
তারা জানায়, দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা ওখানেই অবস্থান করবে।
তাদের ওপর হামলার আগে এলাকাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাসহ ফোন নেটওয়ার্ক অচল করে দেওয়া হয়।
নিরাপত্তা বাহিনীর হামলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে ক্ষমতাসীন আসাদ সরকারের কোন মন্তব্য পাওয়া যায়নি।
তিউনিসিয়া এবং মিশরসহ আরব বিশ্বের কয়েকটি দেশে সরকার বিরোধী যে অস্থিরতা চলছে তার পরিপ্রেক্ষিতে সিরিয়াতেও আন্দোলন শুরু হয়েছে।
পিতা হাফেজ আল আসাদের শাসনামল শেষে ২০০০ সালে সিরিয়ার ক্ষমতা নেন বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ক্ষমতা গ্রহণের পর এই প্রথম বড় প্রতিরোধের সম্মুখীন হচ্ছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এবি/এলকিউ/১৬১৬ ঘ.
bdnews24