২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় তৃতীয় দফা হামলা; বহু হতাহত

লিবিয়ায় সোমবার রাতেও তৃতীয় দফা হামলা চালিয়েছে যৌথ বাহিনী। হামলায় বহু সংখ্যক বেসামরিক মানুষ হতাহত হয়েছে বলে দাবি করেছে লিবিয়া সরকার। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 09:02 AM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ত্রিপোলি, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় সোমবার রাতেও তৃতীয় দফা হামলা চালিয়েছে যৌথ বাহিনী। হামলায় বহু সংখ্যক বেসামরিক মানুষ হতাহত হয়েছে বলে দাবি করেছে লিবিয়া সরকার। এদিন রাতেও রাজধানী ত্রিপোলিতে কর্নেল মুয়াম্মার গাদ্দাফির বাব আল-আজিজিয়া কম্পাউন্ডের কাছে বিস্ফোরণ ও বিমান বিধ্বংসী গোলার শব্দ শোনা গেছে। আগের রাতে ক্ষেপণাস্ত্র হামলায় ওই কম্পাউন্ডের একটি ভবন বিধ্বস্ত হয়। ত্রিপোলিতে বিবিসির প্রতিবেদক অ্যালান লিটল বলেন, সোমবার রাতেও বিমান বিধ্বংসী গোলায় ত্রিপোলির আকাশ জ্বলে ওঠে। লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, রাজধানী ধর্মযুদ্ধের শত্র"দের বোমা হামলার শিকার হয়েছে এবং বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। "এসব হামলাকে লিবিয়ার জনগণ ভয় পাচ্ছে না", বলা হয় ওই প্রতিবেদনে। লিবিয়া সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম এক সাংবাদিক সম্মেলনে বলেন, দক্ষিণাঞ্চলীয় শহর সেবায় সোমবার হামলা হয়েছে। এছাড়া রাজধানী ত্রিপোলির কাছের একটি ছোটো বন্দরেও হামলা হয়েছে বলে জানান তিনি। সোমবারের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় বহু সংখ্যক সাধারণ মানুষ নিহত হয়েছে, বিশেষ করে সির্তের বেসামরিক বিমান বন্দরে হামলায় এসব মানুষ হতাহত হয়-বলেন ইব্রাহিম। বিদ্রোহীদের হটিয়ে সরকার মিসরাতা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বলেও দাবি করেন তিনি। এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ত্রিপোলির ছয় মাইল পূর্বের বুসেটা নৌ ঘাঁটিতে সোমবার পশ্চিমা বাহিনী হামলা চালিয়েছে। আল জাজিরা টেলিভিশনের এক খবরে বলা হয়েছে, বেনগাজির পূর্বের দুটি বিমান ঘাঁটির রাডার স্টেশনে এদিন হামলা হয়েছে। পূর্বাঞ্চলীয় শহর আজদাবিয়ায়ও গাদ্দাফির অনুগত বাহিনী অভিযান চালাচ্ছে বলে বিবিসির খবরে বলা হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিউনিসিয়া সীমান্তের কাছের জিন্তান শহরেও সোমবার গোলা ছোড়ে নিরাপত্তা বাহিনী। তাদের গোলায় বেশ কয়েকটি ঘর-বাড়ি ও একটি মসজিদ বিধ্বস্ত হয়েছে। এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানায়, ৪০টি ট্যাংক নিয়ে শহরে বিদ্রোহীদের হটাতে হামলা চালায় গাদ্দাফি অনুগত বাহিনী। গাদ্দাফিকে লক্ষ্য করে রোববার রাতে তার কম্পাউন্ডে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর প্রধান স্যার ডেভিড রিচার্ডস সোমবার বলেছেন, গাদ্দাফি 'সত্যিকার অর্থে' হামলার লক্ষ্য ছিলেন না।" জাতিসংঘ সিদ্ধান্তে তার ওপর হামলার অনুমোদন নেই, বলেন রিচার্ডস। যুক্তরাষ্ট্রের ভাইস অ্যাডমিরাল বিল গোর্টনি বলেন, "এ বিষয়টিতে আমি নিশ্চিত করে বলতে পারি, তিনি আমাদের হামলার লক্ষ্যের তালিকায় নেই। তবে হামলা চালানোর সময় তিনি যদি কোনো বিমান প্রতিরক্ষা স্থাপনা পরিদর্শন করেন তাহলে সেখানে তার অবস্থান সম্পর্কে আমরা নাও জানতে পারি। তবে এখন আমরা তার বাসভবনে হামলা করছি না।" ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ল্যঁরা তেসেইর বলেন, লিবিয়ায় হামলার লক্ষ্য বেসামরিক মানুষকে রক্ষা করা এবং গাদ্দাফি হামলার লক্ষ্য ছিলেন না। গাদ্দাফির সঠিক অবস্থান জানা গেলে তাকে গুলি করা হবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "না"। গত বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে লিবিয়ায় উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা এবং নিরাপত্তা বাহিনীর সহিংসতা থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে সীমিত আকারে সামরিক অভিযানের প্রস্তাব পাস হয়। ওই সিদ্ধান্ত বাস্তবায়নে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স শনিবার লিবিয়ায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। তাদের সঙ্গে অভিযানে যোগ দিয়েছে ইতালি, কানাডাসহ বেশ কয়েকটি দেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৫০১ ঘ.