ত্রিপোলি, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পশ্চিমা বিমান হামলায় অন্তত ৪৮ জন নিহত এবং দেড়শ জন আহত হয়েছে বলে জানিয়েছে লিবিয়ার সরকারি টেলিভিশন।
বিরোধীদের ওপর দমন-পীড়ন বন্ধে মুয়াম্মার গাদ্দাফিকে বাধ্য করার জন্য শনিবার রাতে উত্তর আফ্রিকার দেশটির বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুর ওপর বিমান হামলা শুরু করে ফ্রান্স। এরপর ন্যাটোভুক্ত দেশগুলো এতে যোগ দেয়।
রোববার সকালেও মুহুর্মুহু হামলা চলছিলো বলে লিবিয়ার সরকারি টেলিভিশনের খবরে বলা হয়। তবে হতাহতদের বিষয়ে তারা যে তথ্য দিয়েছে, অন্য কোনোভাবে তা যাচাই করার সুযোগ সংবাদ মাধ্যমগুলোর এ মুহূর্তে নেই।
জাতিসংঘ ঘোষিত বিমান উড্ডয়ন নিষিদ্ধ এলাকায় শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার পর ফরাসি বিমান থেকে বেনগাজিতে গোলাবর্ষণ শুরু হয় বলে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়।
আল জাজিরা টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, প্রথম দফায় চারটি ট্যাংকে হামলা চালায় ফরাসি যুদ্ধবিমান।
ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, লিবিয়ায় শনিবারের অভিযানে প্রায় ২০টি ফরাসি যুদ্ধবিমান অংশ নেয়।
বিদ্রোহীদের শক্ত ঘাঁটি ছিলো এ শহর। শহরটিতে নিয়ন্ত্রিণ প্রতিষ্ঠায় গাদ্দাফির সরকারি বাহিনী ব্যাপক দমন-পীড়ন চালায় বলে অভিযোগ রয়েছে। এরপরই হামলা শুরু করলো পশ্চিমা দেশগুলো।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, ফরাসিদের বিমান হামলার এক ঘণ্টার মাথায় ত্রিপলি ও পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতায় যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছেন তারা।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রান্স ছাড়াও যুক্তরাজ্য, কানাডা ও ইতালি উত্তর আফ্রিকার দেশটিতে সামরিক অভিযানে একজোট হয়েছে। অভিযানের নাম তারা দিয়েছে- 'অডেসি ডন'।
এদিকে পশ্চিমাদের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন লিবিয়ার চার দশকের শাসক গাদ্দাফি। এটাকে আগ্রাসন আখ্যা দিয়েছেন তিনি।
দেশের স্বাধীনতা রক্ষায় অস্ত্রভাণ্ডার খুলে দিয়ে সব নাগরিকের হাতে অস্ত্র তুলে দেওয়ার কথাও বলেছেন গাদ্দাফি।
কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পতনের দাবিতে গত ২৩ ফেব্র"য়ারি লিবিয়ায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতার প্রতিবাদে বিভিন্ন দেশে লিবিয়ার কূটনীতিকরা পদত্যাগ করেন।
একই সঙ্গে বিক্ষোভে যোগ দেয় দেশের নিরাপত্তা বাহিনীর বড় একটি অংশ। নিরাপত্তা বাহিনীকে বেশ কয়েকটি শহরের দখল নেয় তারা। পরবর্তীতে লিবিয়ার নিরপত্তা বাহিনীর সুসংগঠিত হামলার মুখে টিকতে না পেরে অনেকগুলো শহর থেকে পিছু হটে বিদ্রোহী বাহিনী।
তবে বিক্ষোভকারী ও বিদ্রোহীদের মূল ঘাঁটি দেশটির পূর্বাঞ্চলে এখনো তাদের নিয়ন্ত্রণ রয়েছে। পূর্বাঞ্চলীয় শহর বেনগাজি হয়েছে বিদ্রোহীদের কার্যক্রম পরিচালনার প্রধান ঘাঁটি।
বিমান হামলা শুরুর আগেই বেনগাজি ছেড়ে পালাতে শুরু করেছে হাজার হাজার মানুষ।
জাতিসংঘ শরণার্থী সংস্থা বলেছে, বেনগাজি থেকে শত শত গাড়িতে মানুষ মিশর সীমান্তের দিকে আসতে শুরু করেছে বলে খবর প্রকাশ হওয়ায় দুই লাখ মানুষের জন্য আশ্রয় শিবির খোলা হচ্ছে। অনেকে হেঁটে পালাচ্ছে বলে খবর প্রকাশ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১১৫ ঘ.
bdnews24