২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় হামলা চলছে, নো-ফ্লাই জোন চায় ফ্রান্স

লিবিয়ায় বিদ্রোহীদের ওপর এখনো হামলা চালিয়ে যাচ্ছে গাদ্দাফি বাহিনী। ওদিকে, লিবিয়ার আকাশসীমাকে যত দ্রুত সম্ভব উড্ডয়ন নিষিদ্ধ এলাকা (নো ফ্লাই জোন) ঘোষণার জন্য তাগাদা দিচ্ছে ফ্রান্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 04:20 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

প্যারিস, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---লিবিয়ায় বিদ্রোহীদের ওপর এখনো হামলা চালিয়ে যাচ্ছে গাদ্দাফি বাহিনী। ওদিকে, লিবিয়ার আকাশসীমাকে যত দ্রুত সম্ভব উড্ডয়ন নিষিদ্ধ এলাকা (নো ফ্লাই জোন) ঘোষণার জন্য তাগাদা দিচ্ছে ফ্রান্স। ফ্রান্স চায় প্যারিসে সোমবার থেকে শুরু হওয়া জি-এইট সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এ ব্যাপারে একমত হোক। আরব লীগ ইতোমধ্যেই নো ফ্লাই জোন সমর্থন করেছে। এবার জি-এইট বৈঠকেও এ ব্যাপারে মতৈক্যের জন্য জোর চেষ্টা চালানোর সংকল্প নিয়েছে ফ্রান্স। লিবিয়ার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে প্যারিসে সোম ও মঙ্গল দু'দিন এ বৈঠক চলবে। বৈঠকে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ রাশিয়া, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, কানাডা, ইতালি এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রীরা। বিশ্লেষকরা বলছেন, জি-এইট বৈঠকে রিবিয়াকে নো ফ্লাই জোন ঘোষণার ব্যাপারে মতৈক্য হওয়ার সমূহ সম্ভাবনা আছে। লিবিয়ায় গাদ্দাফির সেনারা সোমবার আজদাবিয়ায় বিমান থেকে বোমা হামলা চালিয়েছে। এর আগে রোববার গাদ্দাফির সেনারা ব্রেগা শহর দখল করে নেয়। তবে বিদ্রোহীরা আবার রাতে ওই শহরে ফিরে গিয়ে গাদ্দাফির সেনাদের ঘিরে ফেলেছে বলে দাবি করেছে। লড়াইয়ে কয়েকজন সরকারি সেনা নিহত হওয়া এবং ধরা পড়ার কথা জানায় তারা। তবে লড়াই এখনো চলছে বলেও জানিয়েছে বিদ্রোহীরা। ওদিকে, গাদ্দাফি বাহিনীও সাফল্য ধরে রাখার ব্যাপারে আস্থা প্রকাশ করেছে। যে কোনো মূল্যে জয় নিশ্চিত বলে দাবি করেছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১২ ঘ.