ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপানের ফুকুশিমায় ক্ষতিগ্রস্ত পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে পরমাণু জ্বালানি রডের গলনে তেজস্ক্রিয় বিপর্যয়ের সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবারের ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় পরমাণু কেন্দ্রটি।
সোমবার বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু কেন্দ্রটি পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও পাওয়ার কর্পোরেশনের (টেপকো) কর্মীরা বলছেন, শীতলীকরণ ব্যবস্থা কাজ না করায় পরমাণু জ্বালানি রডের গলে যাওয়ার সম্ভাবনা তারা নাকচ করতে পারছে না।
তারা এখন সাগর থেকে পানি এনে ওই পরমাণু কেন্দ্রের ২ নম্বর চুল্লিতে দিচ্ছে।
শনিবার কেন্দ্রের ১ নম্বর চুল্লিতে এবং সোমবার ৩ নম্বর চুল্লিতে বিস্ফোরণ ঘটে। ৩ নম্বর চুল্লিতে বিস্ফোরণে ১১ জন আহত হয় যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণে চারদিকে ধোঁয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়ে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবার তেজস্ক্রিয়তায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে জাপানিরা। যুদ্ধ-পরবর্তী সময়ে সবচেয়ে বড় বিপর্যয় বলে মনে করা হচ্ছে এটিকে।
টেপকো বলছে, যে মাত্রায় তেজস্ক্রিয়তার নিঃসরণ ঘটছে, তা খুবই সীমিত। এটা জনস্বাস্থ্যের জন্য বড় কোনো হুমকি নয়।
তবে যুক্তরাষ্ট্র বলেছে, উপকূল থেকে ১৬০ কিলোমিটার দূরে স্বল্প মাত্রার তেজস্ক্রিয়তা সনাক্ত করার পর ওই এলাকা থেকে একটি বিমানবাহী যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে তারা।
জাপানের ইংরেজি দৈনিক কিয়োডো জানায়, ক্ষতিগ্রস্ত ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রের চারপাশের ২০ কিলোমিটারের মধ্যে অবস্থানকারী প্রায় ৮০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র।
জাপানের এ পারমাণবিক বিপর্যয় চেরনোবিল দুর্ঘটনার মতো হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২০১০ ঘ.
bdnews24