টোকিও, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাপানে শুক্রবারের ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আরেকটি চুল্লিতেও বিস্ফোরণের আশঙ্কা করা হচ্ছে। ডাইচি-১ চুল্লিতে শনিবারের বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তায় ২২ জন আক্রান্ত হয়েছে।
জাপানের মন্ত্রিপরিষদের মুখ্যসচিব ইউকিও এদানো রোববার বলেন, ফুকুশিমা প্রকল্পের ৩ নম্বর চুল্লিতে হাইড্রোজেন গ্যাসের মাত্রা বেড়ে বিস্ফোরণের আশঙ্কা দেখা দিয়েছে। তবে চুল্লির মূল প্রকোষ্ঠে হাইড্রোজেন বাড়ার প্রভাব নাও পড়তে পারে বলে জানান তিনি।
বিবিসির টোকিও প্রতিনিধি ক্রিস হগ বলেছেন, ৩ নম্বর চুল্লিতে বিস্ফোরণ ও পরমাণু বিপর্যয় অন্য যে কোনো চুল্লির চেয়ে ভয়াবহ হবে। কারণ অন্যগুলোয় জ্বালানি হিসেবে কেবল ইউরেনিয়াম থাকলেও এ চুল্লিতে ইউরেনিয়ামের সঙ্গে প্লুটোনিয়ামও রয়েছে।
বিশ্লেষকরা বলছেন,র্ র্কতৃপক্ষ যতোক্ষণ পর্যন্ত চুল্লির ভেতরের জ্বালানি রডগুলো পানি দিয়ে ঢেকে রাখতে পারবে ততোক্ষণ বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হবে।
জরুরি অবস্থা মোকাবেলায় নিয়োজিত কর্মীরা সাগরের পানি দিয়ে রডগুলো শীতল করার চেষ্টা করছে।
প্রকৌশলীরা এ চুল্লির ভিতরের চাপ কমাতে চুল্লির ভাল্ব খুলে অল্প পরিমাণ তেজস্ক্রিয় বাস্প বের করেছেন। বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে প্রথম চুল্লিতেও একই কাজ করেছিলেন তারা।
টোকিওর ২৪০ কিলোমিটার উত্তরের এ ফুকুশিমা প্রকল্পের ৪০ বছরের পুরনো ডাইচি-১ চুল্লিতে ভূমিকম্পের পর বিস্ফোরণ ঘটে কয়েকজন কর্মী আহত হয় শনিবার। ওই চুল্লি থেকেই তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে।
এ পরমাণু বিদ্যুৎ প্রকল্পের পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার (টেপকো) বলেছে, তেজস্ক্রিয়তা পরমাণু কেন্দ্রের চারপাশে সহনীয় মাত্রা ছাড়িয়ে গেছে।
জাপানের এক কর্মকর্তা জানিয়েছেন, মানুষজন সরিয়ে নেওয়ার পরও ক্ষতিগ্রস্ত পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির ১০ কিলোমিটারের মধ্যে ১৯০ জন মানুষ রয়ে গিয়েছিলেন এবং পরমাণু চুল্লি থেকে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তায় ২২ জন আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
এ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের চারপাশের ২০ কিলোমিটারের মধ্যে অবস্থানকারী প্রায় এক লাখ ৭০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএমটি/১৮১৬ ঘ.
bdnews24