২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযান শেষ, জাদুঘরে যাচ্ছে ডিসকভারি

ফ্লোরিডায় অবতরণের মধ্য দিয়ে দীর্ঘ ২৭ বছরের মহাকাশ অভিযান শেষ করলো ডিসকভারি। যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা নাসার হয়ে সবচেয়ে বেশিবার মহাকাশ ভ্রমণ করা এ নভোযানটিকে এখন প্রদর্শনের জন্য জাদুঘরে রাখা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 08:12 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

কেপ ক্যানাভেরাল, ফ্লোরিডা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ফ্লোরিডায় অবতরণের মধ্য দিয়ে দীর্ঘ ২৭ বছরের মহাকাশ অভিযান শেষ করলো ডিসকভারি। যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা নাসার হয়ে সবচেয়ে বেশিবার মহাকাশ ভ্রমণ করা এ নভোযানটিকে এখন প্রদর্শনের জন্য জাদুঘরে রাখা হবে। ডিসকভারির কমান্ডার স্টিভেন লিন্ডসে বুধবার কেনেডি মহাকাশ অবতরণ কেন্দ্রে সফলভাবে নামিয়ে আনেন নভোযানটিকে। গত ২৪ ফেব্র"য়ারি অবতরণ স্থলের মাত্র কয়েক মাইল দূরের উৎক্ষেপণ কেন্দ্র থেকে শেষবারের মতো মহাকাশের উদ্দেশ্যে উড্ডয়ন করে এটি। ডিসকভারি শেষ অভিযানে মহাকাশ কেন্দ্রে একটি পরীক্ষাগার এবং একটি বাহ্যিক অবতরণ স্থল স্থাপনের জন্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়। এছাড়া মহাকাশ কেন্দ্রের কর্মীদের খাবার ও অন্যান্য সামগ্রীসহ মানবাকৃতির রোবট ও প্রয়োজনীয় যন্ত্রাংশ পৌঁছে দেয় সেটি। অবতরণের পরে লিন্ডসে বলেন, "এটাই শেষ ভ্রমণ হওয়ায় সময় যাওয়ার সঙ্গে সঙ্গে আমি বিষাদে আক্রান্ত হচ্ছি।" ২৭ বছরে ডিসকভারি শেষ করেছে ৩৯টি অভিযান, মহাকাশে কাটিয়েছে ৩৬৫ দিন এবং পাড়ি দিয়েছে ১৪ কোটি ৮০ লাখ মাইল (২৩ কোটি ৮০ লাখ কিলোমিটার)। ৩০ বছরের পুরোনো এ প্রকল্পের উচ্চ ব্যয়ের কারণে এবং নতুন ধরনের মহাকাশযান তৈরির কাজ শুরু করতে এটা বন্ধ করা হচ্ছে। প্রস্তাবিত নতুন প্রকল্পের মহাকাশযানগুলো চাঁদ, গ্রহাণু ও সৌরজগতের অন্যান্য লক্ষ্যে ভ্রমণ করতে পারবে। তবে সে প্রকল্পের জন্য এখনো অর্থ বরাদ্দ করেনি মার্কিন কংগ্রেস। ডিসকভারির পাশাপাশি একইসঙ্গে অভিযান চালানো অন্য দুই মহাকাশযান এনডেভোউর ও আটলান্টিস শেষবারের মতো উড্ডয়ন করবে যথাক্রমে এপ্রিল ও জুন মাসে। সেগুলো দুইশ কোটি ডলার মূল্যের আলফা ম্যাগনেটিক স্পেকট্রোমিটার এবং এক বছরের রসদ পৌঁছে দেবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে। ওয়াশিংটনের স্মিথসোনিয়ান ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে প্রদর্শনীর জন্য এখন প্রস্তুত করা হবে ডিসকভারিকে। নাসার টিকে থাকা মহাকাশযান গুলোর মধ্যে সবর্শেষটি হলো ডিসকভারি। এর আগে ১৯৮৬ সালে চ্যালেঞ্জার এবং ২০০৩ সালে কলাম্বিয়া নামের দুটি মহাকাশযান দুর্ঘটনায় ধ্বংস হয়ে যায়। দুর্ঘটনায় ১৪ মহাকাশ অভিযাত্রীর মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এএইচ/এমআই/১৪১২ ঘ.