২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়াকে হামলা বন্ধ করতে হবে: জাতিসংঘ

জাতিসংঘ মহাসচিব বান কি মুন রোববার লিবিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধের দাবি জানিয়েছেন। একইসঙ্গে ত্রিপোলিকে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, কেউ আন্তর্জাতিক আইন ভঙ্গ করলে তার বিচার করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 09:49 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

জাতিসংঘ, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘ মহাসচিব বান কি মুন রোববার লিবিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধের দাবি জানিয়েছেন। একইসঙ্গে ত্রিপোলিকে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, কেউ আন্তর্জাতিক আইন ভঙ্গ করলে তার বিচার করা হবে। এক বিবৃতিতে বান বলেন, বেসামরিক নাগরিকরা সহিংসতার দুর্ভোগ বহন করছে। তিনি অবিলম্বে বেসামরিক নাগরিকদের ওপর সরকারের সেনাশক্তি প্রয়োগ বন্ধের আহ্বান জানান। তিনি এও বলেন, কেউ আন্তর্জাতিক আইন ভঙ্গ করলে বা মারাত্মক অপরাধ করলে তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। বান জর্ডানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আল কাতিবকে ত্রিপোলি কর্তৃপক্ষের সঙ্গে মানবিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনার জন্য বিশেষ দূত হিসাবে নিয়োগ করেছেন। বানের প্রেস অফিস একথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বান লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসার সঙ্গে রোববার কথা বলেছেন। তিনি তাকে বলেছেন, দেশের নাগরিকদেরকে রক্ষা করতে হলে তাদের আরো দায়িত্বশীল হতে হবে এবং শান্তি ও সম্মানের সঙ্গে থাকতে হলে দেশের জনগণের বৈধ আকাঙ্খাকে মূল্য দিতে হবে। লিবিয়ায় মানবিক পরিস্থিতি খতিয়ে দেখার জন্য অবিলম্বে জাতিসংঘের একটি দল ত্রিপোলিতে পাঠানো দরকার এ ব্যাপারেও বান ও মুসা কুসা একমত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৮ ঘ.