টোকিও, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- রাজনৈতিক অনুদান গ্রহণ নিয়ে কেলেঙ্কারিতে পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের পর এবার জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানের ওপর পদত্যাগ অথবা মধ্যবর্তী নির্বাচনের দাবিতে প্রবল রাজনৈতিক চাপ তৈরি হয়েছে।
কান নিজ দল ডেমোক্রেটিক পার্টি অব জাপানের (ডিপিজে) মধ্য থেকেই পদত্যাগের চাপের মুখে আছেন। তার ওপর বিরোধীদলগুলো তাকে মধ্যবর্তী নির্বাচন আহ্বানের জন্য চাপ দিচ্ছে। এথেকে শাসন পরিচালনায় কান প্রশাসনের দক্ষতার অভাব স্পষ্ট হয়ে উঠেছে।
তাছাড়া, পররাষ্ট্রমন্ত্রী মেহারার পদত্যাগে জাপানে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ, কানের পর মাইহারা জাপানের প্রধানমন্ত্রী হতে পারেন বলে মনে করা হচ্ছিল।
এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে অবিলম্বে মন্ত্রিসভার পদত্যাগ এবং মধ্যবর্তী নির্বাচন দেওয়া। বলেছেন, প্রধান বিরোধীদল লিবারেশন ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) এক আইনপ্রণেতা।
উল্লেখ্য, জাপানে এক বিদেশির কাছ থেকে রাজনৈতিক অনুদান গ্রহণ করা নিয়ে সমালোচনার মুখে রোববার পদত্যাগ করেন পররাষ্ট্রমন্ত্রী সেইজি মাইহারা।
জাপানে দক্ষিণ কোরিয়ার এক অধিবাসীর কাছ থেকে ৫০ হাজার ইয়েন রাজনৈতিক অনুদান নেওয়ার করার কথা স্বীকার করার দুই দিন পর টেলিভিশনে প্রচারিত সাংবাদিক সম্মেলনে পদত্যাগের কথা ঘোষণা করেন তিনি।
জাপানের আইনে রাজনৈতিক অনুদান নেওয়া নিষিদ্ধ এবং উদ্দেশ্যমূলকভাবে কোনো বিদেশির কাছ থেকে তা নেওয়া অবৈধ।
দেশের অভ্যন্তরীন রাজনীতিতে বিদেশের প্রভাব ঠেকাতে জাপানের আইনে রাজনৈতিক অনুদান নেওয়া নিষিদ্ধ করা হয়েছে।
মাইহারার নেওয়া অনুদানের অর্থ খুব বেশি না হলেও আইন ভঙ্গের কারণে বিরোধীদের সমালোচনা ও পদত্যাগের দাবির মুখে তাকে সরে দাঁড়াতে হয়েছে।
তবে মাইহারা রাজনৈতিক অনুদান নেওয়ার কথা স্বীকার করলেও বলেছেন, তিনি জেনেশুনে একাজ করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২০০৫ ঘ.
bdnews24