২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপোলিতে গুলি, গাদ্দাফিকে নামাতে এগুচ্ছে বিদ্রোহীরা

'জিতবো না হয় মরবো' এ সংকল্প নিয়ে মুয়াম্মার গাদ্দাফিকে নামাতে ত্রিপোলির পূর্বের রাস লানুফ তেলবন্দরের দিকে এগুচ্ছে বিদ্রোহীরা। ওদিকে, আবার গুলি-বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ত্রিপোলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2011, 01:38 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

লিবিয়া, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- 'জিতবো না হয় মরবো' এ সংকল্প নিয়ে মুয়াম্মার গাদ্দাফিকে নামাতে ত্রিপোলির পূর্বের রাস লানুফ তেলবন্দরের দিকে এগুচ্ছে বিদ্রোহীরা। ওদিকে, আবার গুলি-বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ত্রিপোলি। শুক্রবার জুমার নামাজের পর গাদ্দাফি বিরোধী কয়েকশ মানুষ বিক্ষোভমিছিলে সমবেত হয়। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস এবং গুলিও ছুড়েছে বলে জানিয়েছেন রয়টার্সের সাংবাদিকরা। গাদ্দাফি বিরোধী বাহিনীর মুখপাত্র আবদুল্লাহ আল মাহদি আল- জাজিরা টেলিভিশনে বলেছেন, আন্তর্জাতিক উদ্যোগে একবার নো ফ্লাই জোন হয়ে যাওয়া মাত্র যোদ্ধারা ত্রিপালিতে হামলে পড়বে। গাদ্দাফিকে উৎখাতের সংকল্প নিয়ে ইতোমধ্যেই রাজধানী ত্রিপোলির দিকে বিদ্রোহী সেনা সদস্যদের অগ্রযাত্রা শুরু হয়েছে। 'জয় নইলে মরণ' এ প্রত্যয় নিয়ে এগুচ্ছে তারা। তাছাড়া, বিদ্রোহীদের ওপর গাদ্দাফি অনুগত বাহিনীর বিমান হামলা ঠেকাতে বিদেশি হস্তক্ষেপ কামনা করেছে বেনগাজি শহরে স্থাপিত 'দ্য ন্যাশনাল লিবিয়ান কাউন্সিল'। 'দ্য ন্যাশনাল লিবিয়ান কাউন্সিল'র প্রধান মুস্তাফা আবদেল জলিল শুক্রবার সমর্থকদের উেেদ্দশে বলেন, "জিতবো না হয় মরবো'--পুরো দেশ স্বাধীন করার আগে আমরা থামবো না।" গাদ্দাফি বিরোধী এ বাহিনী ইতোমধ্যেই বেনগাজিসহ দেশের পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে। ওদিকে 'দ্য ন্যাশনাল লিবিয়ান কাউন্সিল' অনুগতদের সম্মুখ বাহিনীর তল্লাশি চৌকির সেনা কর্মকর্তা মাগধি মোহাম্মেদ রয়টার্সকে বলেন, "রাস লানুফ, ত্রিপোলি-সবগুলোরই দখল নিতে এগুচ্ছি আমরা।" এর আগে গাদ্দাফি ক্ষমতা ছেড়ে নির্বাসনে যাওয়ার আগ পর্যন্ত কোনো সমঝোতা আলোচনায় না যাওয়ার ঘোষণা দেয় 'ন্যাশনাল লিবিয়ান কাউন্সিল'। বিদ্রোহীদের প্রতিনিধিত্বকারী ওই কাউন্সিল জানায়, আলোচনার মতো কোনো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। গাদ্দাফি গোয়েন্দা সংস্থার একজন প্রধানকে বিদ্রোহীদের সঙ্গে আলোচনার নির্দেশ দিয়েছেন বলে খবর প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে তারা এ কথা জানায়। আবদেল জলিলের মুখপাত্র আহমেদ জাবরিল রয়টার্সকে বলেন, "যদি কোনো সমঝোতা আলোচনায় বসতে হয় তবে সেটি একটি বিষয়ের ওপরই নির্ভর করবে। তা হচ্ছে, গাদ্দাফি কীভাবে দেশত্যাগ করবেন কিংবা ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন, এর মাধ্যমে আমরা জনগণের জান-মাল রক্ষা করতে পারবো। এ ছাড়া কোনো সমঝোতা নয়।" কর্নেল গাদ্দাফি যেকোনোমূল্যে ক্ষমতায় থাকতে চাইছেন। আর বিদ্রোহীদের লক্ষ্য তার ৪১ বছরের ক্ষমতার অবসান। শুক্রবার ত্রিপোলিতে বিক্ষোভের আশঙ্কায় আগে থেকেই কড়া ব্যবস্থা নেয় সরকার। রাস্তায় রাস্তায় বসানো হয় নিরাপত্তা চৌকি। তাতে পাহারায় রাখা হয় অস্ত্রধারী গাদ্দাফি সমর্থকদের। কিন্তু তারপরও দমানো যায়নি বিক্ষোভ। কড়া নিরাপত্তা উপেক্ষা করে জুমার নামাজের পর বিক্ষোভে যোগ দিতে সমবেত হয় লোকজন। পূর্বাঞ্চলীয় তাজুরা শহরতলীতে বিক্ষোভকারীরা লিবিয়ার পতাকা পোড়ায়। তাজুরার রাস্তায় রাস্তায় গাদ্দাফির পতনের দাবিতে স্লোগান দেয় তারা। ত্রিপোলি পরিস্থিতি জটিল হয়ে উঠতে থাকায় দুপক্ষের মধ্যে আরো বড় ধরনের রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি আবারো গাদ্দাফির পদত্যাগের দাবি জানিয়েছেন। তবে লিবিয়া সংকট নিরসনে সামরিক ব্যবস্থা নেওয়ার কোনো আগ্রহ প্রকাশ করেন নি তিনি। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে ওবামা বলেন, "আমরা এ বার্তা পরিষ্কারভাবে আবারো জানিয়ে দিতে চাই, তা হচ্ছে, সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে। মুয়াম্মার গাদ্দাফি নেতৃত্ব দেওয়ার আইনি বৈধতা হারিয়েছেন। তাকে অবশ্যই সরে দাঁড়াতে হবে।" আন্তর্জাতিক অপরাধ আদালত বৃহস্পতিবার জানায়, গাদ্দাফি এবং তার ছেলে ও কর্মকর্তাদের মানবতার বিরুদ্ধে অপরাধ তা তদন্ত করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এএইচ/এলকিউ/১৯২৯ ঘ.