২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইভরি কোস্টে বিক্ষোভে গুলি, ৭ নারী নিহত

আইভরি কোস্টে আলাসানে ওয়াত্তারার নারী সমর্থকদের একটি বিক্ষোভ মিছিলে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত সাত জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 04:12 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

আবিদজান, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- আইভরি কোস্টে আলাসানে ওয়াত্তারার নারী সমর্থকদের একটি বিক্ষোভ মিছিলে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত সাত জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। এতে দেশটিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৬৫ জনে। দেশটির প্রধান শহর আবিদজানের আবোবো এলাকায় বৃহস্পতিবার জাতিসংঘ স্বীকৃত আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারার নারী সমর্থকদের ওপর এ গুলিতে হতাহতের এ ঘটনা ঘটে। গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে স্বাধীন নির্বাচন কমিশন ওয়াত্তারাকে বিজয়ী ঘোষণা করলেও সে ফল প্রত্যাখান করে সাংবিধানিক পরিষদের সমর্থন নিয়ে পুনরায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন দেশটির শাসক লর্যাঁ বাগবো। ওয়াত্তারার কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর ধারাবাহিক চাপের মুখেও অনড় বাগবো। বৃহস্পতিবারের সহিংসতা সম্পর্কে আবোবোর অধিবাসী ইদ্রিসা ডিয়ারাসুবা রয়টার্সকে বলেন, "ইউনিফরম পরা একদল লোক গাড়ি থেকে নেমে এলোপতাড়ি গুলি চালায়।" গত কয়েক সপ্তাহ ধরে আবোবোয় ওয়াত্তারা সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সহিংসতা চলছে। এ সহিংসতার মধ্যে প্রায় দুই লাখ মানুষ আবোবো জেলা থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১৫৫ ঘ.