২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপোলির দিকে দৃষ্টি বিদ্রোহীদের, ব্রেগায় বিমান হামলা

লিবিয়ার চার দশকের শাসক মুয়াম্মার গাদ্দাফি পদত্যাগ না করলে রাজধানী ত্রিপোলির দিকে এগোনোর ঘোষণা দিয়েছে সশস্ত্র বিদ্রোহীরা। ওদিকে, ব্রেগা শহরে আবারো বিমান হামলা চালাচ্ছে গাদ্দাফির অনুগত বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 11:51 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, ৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-লিবিয়ার চার দশকের শাসক মুয়াম্মার গাদ্দাফি পদত্যাগ না করলে রাজধানী ত্রিপোলির দিকে এগোনোর ঘোষণা দিয়েছে সশস্ত্র বিদ্রোহীরা। ওদিকে, ব্রেগা শহরে আবারো বিমান হামলা চালাচ্ছে গাদ্দাফির অনুগত বাহিনী। লিবিয়ার পূর্বাঞ্চলীয় তেলবন্দর ব্রেগা শহরে বুধবার গাদ্দাফি অনুগত বাহিনী ও বিক্ষোভকারীদের সহিংসতায় ১৪ জন নিহত হওয়ার পর বৃহস্পতিবার সেখানে আবারো বিমান হামলা চালিয়েছে শহরটির নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়া গাদ্দাফি বাহিনী। হাসপাতাল কর্মকর্তা ফাত্তাহ আল-মোঘরাবির উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, "প্রায় দুই ঘণ্টা আগে তেল কোম্পানি ও আবাসিক এলাকার মধ্যবর্তী অঞ্চলে যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়েছে।" তবে বোমায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি। তাছাড়া, সশস্ত্র বিদ্রোহীদের এক মুখপাত্র জানান, আজদাবিয়া শহরেও বোমা হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে বিমান বাহিনী। বিদ্রোহী সেনা কর্মকর্তারা বলেন, গাদ্দাফি পদত্যাগ করতে অস্বীকৃতি জানালে রাজধানীতে হামলা চালানোর জন্য প্রস্তুত তারা। তাছাড়া গাদ্দাফি অনুগতদের হামলা থেকে জনগণকে রক্ষা করতে জাতিসংঘের সামরিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে বেনগাজির বিক্ষোভকারীরা। বুধবার পর্যাপ্ত অস্ত্রে সজ্জিত গাদ্দাফি বাহিনী ব্রেগার নিয়ন্ত্রণ নিতে গেলে বিদ্রোহী বাহিনীর সঙ্গে তুমুল লড়াই হয়। সকালে বিদ্রোহীরা পিছু হটলেও বিকালে তারা আবার শহরের নিয়ন্ত্রণ নেয়। গাদ্দাফি বাহিনী আর বিদ্রোহী বাহিনীর মধ্যে লড়াই বাড়তে থাকার মধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের লিবিয়া শান্তি পরিকল্পনা বিবেচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আরব লীগের মহাসচিব আমর মুসা। পরিকল্পনার ব্যাপারে কখন সিদ্ধান্ত নেওয়া হবে সে ব্যাপারে কিছু না জানিয়ে মুসা বৃহস্পতিবার টেলিফোনে রয়টার্স কে বলেন, শ্যাভেজের পরিকল্পনাটি আমাদেরকে জানানো হয়েছে। কিন্তু এটি নিয়ে এখনো চিন্তা-ভাবনা চলছে। ইতোমধ্যেই পরিকল্পনাটি নিয়ে কয়েকজন নেতার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। তবে গাদ্দাফি এ শান্তি পরিকল্পনায় রাজি না বলে জানান মুসা। ওদিকে, নেদারল্যান্ডস জানিয়েছে, তাদের তিন মেরিন সেনাকে গাদ্দাফি অনুগত বাহিনী আটক করেছে। ওই সেনারা লিবিয়ার সার্টে শহর থেকে ইউরোপীয় দুই নাগরিককে সরিয়ে নেওয়ার কাজ করছিল। ইতোপূর্বে লিবীয় নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি হুঁশিয়ারি জানিয়ে বলেন, "শেষ নারী-পুরুষ থাকা পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যাবেন।" বুধবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে গাদ্দাফি বলেন, পশ্চিমারা শক্তি প্রয়োগ করলে হাজার হাজার লিবীয় নাগরিক প্রাণ দেবে। গাদ্দাফির অনড় অবস্থানের মুখে দুর্ভোগের শিকার হচ্ছে অসংখ্য মানুষ। লিবিয়া-তিউনিসিয়া সীমান্তে দুর্ভোগ রয়েছে হাজার হাজার মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭৪৮ ঘ.