ফ্রাঙ্কফুর্ট, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর একটি বাসে এক বন্দুকধারীর গুলিতে দুই বিমানকর্মী নিহত ও অপর দুইজন আহত হয়েছে। এ ঘটনায় বুধবার সন্দেহভাজন এক আততায়ীকে গ্রেপ্তার করেছে জার্মান পুলিশ।
গোলাগুলির ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। হেস রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বোরিস রিহেইন বলেন, এই 'ভয়ঙ্কর ও কাণ্ডজ্ঞানহীন অপরাধ'র তদন্ত চলছে।
সাংবাদিকদের তিনি আরো বলেন, "এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদীদের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, এ পর্যায়ে আমার পক্ষে তা বলা সম্ভব নয়।"
আরিফ উকা নামে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন আততায়ী কসোভোর নাগরিক। তার বয়স মাত্র ২১। বর্তমানে সে ফ্রাঙ্কফুর্টে বাস করছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মার্কিন সশস্ত্র বাহিনীর বাসটি বিমানবন্দরের দুই নম্বর টার্মিনালের সামনে অপেক্ষা করছিল৷ এমন সময় আততায়ী বাসটির সামনে দাঁড়িয়ে থাকা এক সৈন্যকে গুলি করার পর বাসটির দিকেও গুলি চালায়৷
এ ঘটনায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
কসোভো কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিশ্বাস করে ওই ব্যক্তির পরিচয় তাদের কাছে রয়েছে কিন্তু এখনই তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
এ ঘটনায় বার্লিনে এক সাংবাদিক সম্মেলনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেন, "আমরা বিস্তারিত কিছু এখনো জানিনা। কিন্তু এ ঘটনায় আমি ব্যক্তিগতভাবে ভয়ানক মর্মাহত। কেন এ ঘটনা ঘটেছে তা বের করার জন্য সাধ্যের সবকিছু করবো আমরা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২২ঘ.
bdnews24