কায়রো, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় রাজনৈতিক অচলাবস্থার পরিপ্রেক্ষিতে নাগরিকদের ফিরিয়ে আনতে জাহাজ পাঠিয়েছে চীন ও দক্ষিণ কোরিয়া। সোমবার ওই দুটি দেশের জাহাজ সুয়েজ চ্যানেলে প্রবেশ করার পর মিসরীয় কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেন।
ভারতীয় একটি জাহাজও একই উদ্দেশে একদিনের মধ্যেই সুয়েজ চ্যানেল পাড়ি দেবে বলে আশা করছেন কর্মকর্তারা।
বিক্ষোভে উত্তাল লিবিয়া থেকে নাগরিকদের ফিরিয়ে নিতে বিশ্বের বিভিন্ন দেশ বিমান ও জাহাজ পাঠাচ্ছে।
দেশটিতে মুয়াম্মার গাদ্দাফির ৪১ বছরের শাসন অবসানের লক্ষ্যে গণআন্দোলন শুরু হয়। কিন্তু গণদাবির মুখেও ক্ষমতা থেকে তিনি সরে দাঁড়াবেন না বলে ঘোষণা দেন। এরফলে লিবিয়াজুড়ে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটছে।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার দাবি, প্রায় দুই সপ্তাহ ধরে লিবিয়ায় আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩১৭ ঘ.
bdnews24