নিউ ইয়র্ক, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার ওপর যুক্তরাষ্ট্রের পর এবার নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। ওয়াশিংটন বলেছে, মুয়াম্মার গাদ্দাফিকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে, যদিও উত্তর আফ্রিকার দেশটির চার দশকের শাসনকর্তা ব্যাপক বিক্ষোভের মধ্যেও গদি ছাড়তে নারাজ ।
সরকারবিরোধী আন্দোলনে দমন-পীড়ন চালানোর প্রেক্ষাপটে শুক্রবারই লিবিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদও একই পদক্ষেপ নেয় বলে বিবিসি জানিয়েছে।
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে লিবিয়ার ওপর অবরোধ আরোপের সিদ্ধান্ত নেয়। এর ফলে লিবিয়ার অস্ত্র কেনা-বেচা বন্ধ হয়ে যাবে, বিদেশে থাকা সম্পদ জব্দ হবে।
এছাড়া বিক্ষোভ দমনের মধ্য দিয়ে গাদ্দাফি মানবতাবিরোধী অপরাধ করছেন বলে মনে করছে নিরাপত্তা পরিষদ। সে জন্য এ বিষয়ে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের পদক্ষেপ চেয়েছে তারা।
অবরোধ আরোপের প্রতিক্রিয়ায় জাতিসংঘে লিবিয়ার দূত ইব্রাহিম দাবাশি বলেছেন, নিরাপত্তা পরিষদের এ সিদ্ধান্ত লিবিয়ায় বিক্ষোভকারীদের নৈতিক সমর্থন যোগাবে।
দেশে সরকারের ব্যাপক দমন-পীড়নের প্রতিবাদে গত সপ্তাহে গাদ্দাফির আনুগত্য ত্যাগ করেন তিনি।
গাদ্দাফির চার দশকের শাসন অবসানে গত সপ্তাহ থেকে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। আরব দেশটির বেশ কিছু অংশে ইতোমধ্যে নিয়ন্ত্রণ হারিয়েছে গাদ্দাফি সরকার। তবে বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনী হামলায় ২ হাজারের বেশি মানুষ নিহত হয় বলে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে।
তবে বিক্ষোভের মধ্যেও ক্ষমতা থেকে সরে দাঁড়াতে নারাজ গাদ্দাফি বলেছেন, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বেন তিনি। বিক্ষোভ দমনে পক্ষের লোকদের হাতে সরকারি অস্ত্রাগারের নিয়ন্ত্রণ তুলে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। বিক্ষোভের পেছনে জঙ্গি সংগঠন আল কায়দার মদদ রয়েছে বলেও গাদ্দাফির অভিযোগ।
এদিকে ওয়াশিংটন বলেছে, গাদ্দাফিকে অবশ্যই ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার এক সহযোগী শনিবার বলেন, যখন একজন শাসক শুধু অস্ত্র দিয়ে নিজের দেশের মানুষের দমিয়ে রাখতে চায়, তখন তিনি ক্ষমতায় থাকার বৈধতা হারান। এখন সবচেয়ে ভালো উপায় হচ্ছে, মানে মানে তার (গাদ্দাফি) সরে পড়া।
মিশরে বিক্ষোভের মুখে দীর্ঘ দিনের শাসক হোসনি মুবারকের পদত্যাগের পর লিবিয়া বিক্ষোভ শুরু হয়। এর আগে গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান প্রতিবেশী আরেক দেশ তিউনিশিয়ায় প্রেসিডেন্ট।
কঠোর নিয়ম-কানুনের বেড়াজাল ভাঙার প্রয়াসে বিক্ষোভ চলছে বাহরাইন, ওমানসহ আরব বিশ্বের কয়েকটি দেশে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১০০ ঘ.
bdnews24