ওয়াশিংটন, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে আমন্ত্রণ জানানোয় ডেনভারে ব্যবসায়ীদের এক সম্মেলনে অংশ নিতে অস্বীকৃতি জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
বুশের মুখপাত্র ডেভিড শেরজার শুক্রবার এক বিবৃতিতে বলেন, "ওই সম্মেলনে সম্প্রতি জুলিয়ান অ্যাসাঞ্জকেও আমন্ত্রণ জানানো হয়েছে, এই বিষয়টি জানতে পেরে প্রেসিডেন্ট বুশ সেখানে তার অংশগ্রহণ বাতিল করেন।"
অ্যাসাঞ্জের আইনজীবী জিওফ্রে রবার্টসন জানান, ডেনভারে অনুষ্ঠিতব্য ব্যবসায়ীদের ওই সম্মেলনে অ্যাসাঞ্জ নিজেও অংশ নিতে পারবেন না।
অ্যাসাঞ্জ বর্তমানে ব্রিটেনে গৃহবন্দি অবস্থায় রয়েছেন। দুই নারীকে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগে সুইডেনের আদালতে অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সুইডেন।
আদালতের কাঠগড়ার দাঁড় করানোর জন্য সুইডিশ কর্তৃপক্ষ অ্যাসাঞ্জকে সুইডেনের কাছে হস্তান্তরের ব্যাপারে চেষ্টা চালাচ্ছে। কিন্তু হস্তান্তর ঠেকাতে এই মুহূর্তে ব্রিটেনে আইনি লড়াই চালাচ্ছেন অ্যাসাঞ্জ।
তবে ওই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তিনি।
অ্যাসাঞ্জ গত ডিসেম্বরে ব্রিটেনের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পান।
ইরাক ও আফগান যুদ্ধসহ মার্কিন কূটনৈতিক গোপন তথ্য ফাঁস করে দিয়ে বিশ্বব্যাপী হৈ চৈ ফেলে দেয় উইকিলিকস। এরপরই বিশ্বব্যাপী আলোচনার শীর্ষে চলে আসেন ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা অস্ট্রেলীয় নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৩৫ ঘ.
bdnews24