লাহোর, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুই পাকিস্তানিকে গুলি করে হত্যার অভিযোগে গ্রেপ্তার মার্কিন সিআইএ এজেন্ট রেমন্ড ডেভিসকে মুক্তি দেওয়ার যুক্তরাষ্ট্রের আহ্বান নাকচ করেছে পাকিস্তান।
শুক্রবার ডেভিসকে বিচারের জন্য আদালতের কাঠগড়ায় হাজির করা হয়। বিচারক পরবর্তী শুনানির দিন ৩ মার্চ ধার্য করে আদালত মুলতবি ঘোষণা করেন।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রিয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) এজেন্ট ডেভিস জানুয়ারিতে লাহোরে দুই পাকিস্তানিকে গুলি করে হত্যা করেন। ডেভিস এ হত্যার কথা স্বীকার করলেও বলেছেন, ডাকাতির হাত থেকে বাঁচতে তিনি গুলি চালিয়েছিলেন।
ডেভিসকে কূটনৈতিক দায়মুক্তির আওতায় ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্তৃপক্ষ বলেছে, ডেভিস কূটনৈতিক দায়মুক্তির সুবিধাপ্রাপ্য একজন ব্যক্তি এবং তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো উচিত।
এদিকে ডেভিস দুই পাকিস্তানিকে গুলি করে হত্যা করায় পাকিস্তানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের প্রতি বিদ্বেষ বেড়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান সরকারের মিত্র দলগুলোর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ডেভিসের গুলিতে নিহত দুই পাকিস্তানির পরিবারের পক্ষের আইনজীবী আসাদ মনজুর বাট জানান, ডেভিস বলেছেন তাকে দায়মুক্তি সুবিধা দেওয়া উচিত।
মনজুর বাট বলেন, এ ব্যাপারে আদালত পরবর্তী শুনানির দিনে সিদ্ধান্ত নেবে।
শুক্রবার ডেভিসকে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা হয়। যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর সাবেক কর্মকর্তা ডেভিসের বিরুদ্ধে দুটি খুনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/কেএমএস/২১৪০ ঘ.
bdnews24