২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে বিক্ষোভকারীদের নিরাপত্তা রক্ষার নির্দেশ

ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ সরকারবিরোধী বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 11:14 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

দুবাই, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ সরকারবিরোধী বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। সালেহ'র ৩২ বছরের শাসনাবসানের দাবিতে গত সপ্তাহ থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় এ পর্যন্ত ১৫ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে সালেহ বলেন, "বিক্ষোভকারীদের পূর্ণ নিরাপত্তা দানের জন্য নিরাপত্তা বাহিনীর প্রতি নির্দেশ দেওয়া হচ্ছে।" তাছাড়া সরকার সমর্থক ও সরকারবিরোধীদের মধ্যে যে কোনো ধরনের সংঘর্ষ ঠেকানোর জন্যও নির্দেশ দেন তিনি। বিবৃতিতে বলা হয়, "জনগণের সমবেত হওয়া ও কথা বলার অধিকার রক্ষায় কাজ করে যাবে সরকার।" প্রেসিডেন্ট সালেহ'র সমর্থকরা বেশ কয়েকবার রাজধানী সানা ও অন্যান্য জায়গায় বিক্ষোভকারীদের ওপর ছুরি, ড্যাগারসহ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। সালেহ'র পদত্যাগ দাবিতে পাঁচ পার্লামেন্ট সদস্য বুধবার পদত্যাগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭৫৯ ঘ.