২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মুবারকের সম্পদ সম্পর্কে প্রচারিত তথ্য ভিত্তিহীন'

মিশরের সদ্য পদত্যাগকারী প্রেসিডেন্ট হোসনি মুবারক ক্ষমতায় থাকাকালীন সম্পদের পাহাড় গড়েছেন বলে গণমাধ্যমে প্রচারিত তথ্য প্রত্যাখ্যান করেছেন তার আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2011, 09:37 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

কায়রো, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের সদ্য পদত্যাগকারী প্রেসিডেন্ট হোসনি মুবারক ক্ষমতায় থাকাকালীন সম্পদের পাহাড় গড়েছেন বলে গণমাধ্যমে প্রচারিত তথ্য প্রত্যাখ্যান করেছেন তার আইনজীবী। রোববার মধ্যপ্রাচ্যের সংবাদ সংস্থা 'মিনা' এ তথ্য জানিয়েছে। প্রবল গণআন্দোলনের মুখে গত ১১ ফেব্রুয়ারি হোসনি মুবারক পদত্যাগ করতে বাধ্য হন। মুবারক পদত্যাগ করার পর থেকে বেশকিছু সংবাদ মাধ্যমে খবর বেরোয়, মুবারকের সম্পদের পরিমাণ এক বিলিয়ন ডলারেরও বেশি হতে পারে। সরকারি সম্পদের যথেচ্ছ ব্যবহারের জন্য মুবারককে দায়ী করেছে বিরোধীরা। মুবারকের আইনজীবীর বরাত দিয়ে মিনা জানায়, হোসনি মুবারক তার সম্পদের চূড়ান্ত বিবরণী আইন অনুযায়ী জুরি বোর্ডের কাছে পাঠিয়েছেন। ওই আইনজীবী আরো জানান, মুবারক তার পরবর্তী বিবরণী সঠিক সময়ে উপস্থাপন করতে প্রতিজ্ঞাবদ্ধ। মিশরের কর্মকর্তারা মুবারককে তার সম্পদের ধারাবাহিক বিবরণী পাঠানোর জন্য বলেছে। মুবারকের সম্পদ সম্পর্কে গুজবের কথা উল্লেখ করে তার আইনজীবী বলেন "গত কয়েক সপ্তাহে মিশরে এবং এর বাইরের পত্রিকাগুলো যেসব তথ্য (মুবারকের সম্পদ সম্পর্কে) ছাপিয়েছে তা ভিত্তিহীন"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/সিআর/১৫৩২ ঘ.