জাতিসংঘ, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ফিলিস্তিনের সীমানায় ইসরায়েলের বসতি স্থাপনের নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র।
ওই প্রস্তাবে বলা হয়, ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েলি বসতি স্থাপন অবৈধ এবং তা "ন্যায় ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা।"
অবিলম্বে ইহুদি বসতি স্থাপনের সব কর্মকাণ্ড বন্ধের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয় ওই খসড়া প্রস্তাবে।
যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের বাকি ১৪ সদস্য ওই প্রস্তাবে সমর্থন দেয়।
শুক্রবার নিরাপত্তা পরিষদে তোলা ওই প্রস্তাবে ভেটো দিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সুসান রাইস বলেন, "দুর্ভাগ্যজনকভাবে এ প্রস্তাবে দুই পক্ষেরই কঠোর অবস্থানে যাওয়ার ঝুঁকি রয়েছে।"
নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের একটি যুক্তরাষ্ট্র। পরিষদে তোলা প্রস্তাবে স্থায়ী কোনো দেশ ভেটো দিলে প্রস্তাবটি পাস হয় না।
প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোর প্রতিক্রিয়ায় প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সেক্রেটারি জেনারেল ইয়াসের আবেদ রাব্বো বলেন, "এটি খুবই দুর্ভাগ্যজনক এবং তা যুক্তরাষ্ট্র প্রশাসনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে।"
অবশ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ভেটোকে স্বাগত জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/২২৪৪ ঘ.
bdnews24