২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩১ কোটি ডলার আয় করেছে জ্যাকসন এস্টেট

দুবছর আগে পপসম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যু হলেও তাকে ঘিরে অনুরাগীদের আগ্রহ কমেনি মোটেও। আর এ কারণেই জ্যাকসন কেন্দ্রিক নানা পণ্য থেকে প্রায় ৩১ কোটি ডলার আয় করেছে জ্যাকসন এস্টেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 08:17 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

লস এঞ্জেলেস, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুবছর আগে পপসম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যু হলেও তাকে ঘিরে অনুরাগীদের আগ্রহ কমেনি মোটেও। আর এ কারণেই জ্যাকসন কেন্দ্রিক নানা পণ্য থেকে প্রায় ৩১ কোটি ডলার আয় করেছে জ্যাকসন এস্টেট। মাইকেলের গানের অ্যালবাম, চলচ্চিত্র, বিভিন্ন স্মারক ও অন্যান্য আয় থেকে জ্যাকসন এস্টেট এ অর্থ করে। বৃহস্পতিবার লস এঞ্জেলেসের আদালতে জমা দেওয়া কাগজপত্র থেকে এ তথ্য প্রকাশ পায়। এসব নথিতে জ্যাকসনের মৃত্যুর পর থেকে ২০১০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জ্যাকসন এস্টেটের আয়ের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। জ্যাকসন এস্টেটের প্রশাসনিক কর্মকর্তরা এ আয় থেকে ১৫ কোটি ৯ লাখ ডলার ব্যয় করেছে মাইকেলের বিপুল অঙ্কের ঋণ শোধ করতে। মৃত্যুকালে প্রায় ৪০ কোটি ডলার ঋণের বোঝা ছিল জ্যাকসনের ওপর। ঋণের কারণে জ্যাকসন এস্টেট বন্ধ করে দেওয়ার যে চিন্তাভাবনা ছিল, বিপুল অংকের আয় আপাতত সে চিন্তাকে দূরে ঠেলে দিয়েছে। জ্যাকসন এস্টেটের আয় থেকে মাইকেলের তিন ছেলেমেয়ের ভরণ-পোষণ ও কিছু দাতব্য প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দেওয়া হয়। ২০০৯ সালের ২৫ জুন মারা যান পপ কিংবদন্তী মাইকেল জ্যাকসন। তার মৃত্যু নিয়ে অনেক বিতর্ক রয়েছে। সম্প্রতি তার ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারিকে তার মৃত্যুর জন্য দায়ী করে গ্রেপ্তার করা হয়। তবে কনরাড এ অভিযোগ অস্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪১২ ঘ.