ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-তাঞ্জানিয়ার একটি সেনা ঘাঁটিতে কয়েক দফা বিস্ফোরণে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, তাঞ্জানিয়ার বাণিজ্যিক রাজধানী দার এস সালামের গোঙ্গোলা মোতো সেনা ঘাঁটির সামরিক সরঞ্জাম সংরক্ষণাগারে বুধবার রাতে বেশ কয়েক ঘণ্টা ধরে বিস্ফোরণ ঘটে।
সেনাবাহিনীর চিফ অব স্ট্যাফ জেনারেল আব্দুরাহমান শিম্বো বলেন, বিস্ফোরণে ৩২ জন নিহত হয়েছে।
বিস্ফোরণে শহরবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণস্থলের ১০ কিলোমিটারের মধ্যে অবস্থানরতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।
এর আগে প্রধানমন্ত্রী মিজেঙ্গো পিন্ডা ১৭টি মৃতদেহ উদ্ধারের কথা জানান।
তিনি বলেন, একটি সামরিক সরঞ্জাম সংরক্ষণাগারে বিস্ফোরণ শুরু হয়ে ঘাঁটির অন্যান্য গুদামে তা ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত দুটি আবাসিক ভবন ও একটি মাধ্যমিক বিদ্যালয়সহ ২৩টি সামরিক সরঞ্জাম সরক্ষণাগার ধ্বংস হয়েছে বলে জানান তিনি।
প্রতিরক্ষামন্ত্রী হুসেন এমউইনি টেলিফোনে রয়টার্সকে বলেন, বিস্ফোরণের পর দার এস সালাম আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমান চলাচল বন্ধ রাখা হয়।
২০০৯ সালে দার এস সালামের অন্য একটি সেনা ঘাঁটিতে একই ধরনের বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত ও সাতশ'র বেশি মানুষ আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৫৪৮ঘ.
bdnews24