ত্রিপোলি, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- লিবিয়ায় সরকারের কড়া সমালোচক এক আইনজীবীকে গ্রেপ্তারের জেরে বেনগাজি শহরে বিক্ষোভ-সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার রাতভর পুলিশ ও সরকার সমর্থকদের সঙ্গে শ শ বিক্ষোভকারীর সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে ৩৮ জন। আহতদের বেশির ভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য। প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও স্থানীয় গণমাধ্যম সূত্রে একথা জানা গেছে।
পরবর্তী সময়ে ওই আইনজীবীকে ছেড়ে দেওয়া হলেও বিক্ষোভ থামেনি। ৪০ বছর ধরে গাদ্দাফির কঠোর নিয়ন্ত্রণে থাকা লিবিয়ায় এ ধরনের অস্থিরতা বিরল। মিশর ও তিউনিসিয়ার বিক্ষোভের ছোঁয়া যে এখানেও লেগেছে এ থেকে তা স্পষ্ট।
গত কয়েকসপ্তায় আরব দেশগুলোতে গণতন্ত্রপন্থীরা বিক্ষোভ করেছে। এরমধ্যে তিউনিসিয়া ও মিশরে ক্ষমতাসীনদের গদি ছাড়তে বাধ্য করে তারা।
কোনো নিরপেক্ষসূত্র বেনগাজির বিক্ষোভসম্পর্কে নিশ্চিত না করলেও প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী প্রায় ২ হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেয়।
বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছুঁড়ে মারে। জবাবে পুলিশও জলকামান ব্যবহারের পাশাপাশি কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়েছে।
এরপর, রাষ্ট্রনিয়ন্ত্রিতি টেলিভিশনে দেখানো হয়, কয়েকশ' মানুষ বেনগাজিতে জড়ো হয়ে সরকারের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে।
তবে এসবকিছু নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। পরিস্থিতিও আপাতত শান্ত বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
মধ্যপ্রাচ্যে বেকারত্ব, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দুর্নীতি ও স্বৈরশাসনের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে জনগণ ফুঁসে উঠেছে।
জানুয়ারিতে তিউনিসিয়ায় জনরোষের মুখে দেশটির প্রেসিডেন্ট বেন আলি সৌদি আরব পালিয়ে যান। সম্প্রতি প্রবল গণআন্দোলনের ফলে ৩০ বছরের ক্ষমতা ছাড়তে বাধ্য হন মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক।
গত কয়েকদিন ধরে ইয়েমেন, বাহরাইন ও ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দেখা যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/২০০১ ঘ.
bdnews24