তেহরান, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের বিক্ষোভকারীদের সফলতায় ইরানেও ছড়াচ্ছে বিদ্রোহের আগুন। সোমবার রাজধানী তেহরানসহ বেশ কয়েকটি শহরে মিছিল করেছে হাজার হাজার ইরানি। পুলিশ বাধা দিতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়।
এতে একজন নিহত ও অনেকে আহত হন।
অন্যদিকে, ইরানিদের এই বিক্ষোভে সমর্থন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
দেশটির আধা সরকারি একটি সংবাদ সংস্থার বরাত দিয়ে জানা যায়, সোমবার সন্ধ্যায় তেহরানের আজাদি স্কয়ারের (স্বাধীনতা চত্ত্বর) দিকে যাওয়ার সময় মিছিলকারীদের ওপর পুলিশ কাঁদুনে গ্যাস ছোড়ে। মিছিলকারীদের মধ্যে অনেককে পুলিশ ধরেও নিয়ে যায়।
বিরোধী পক্ষের ওয়েবসাইটে দাবি করা হয়, মিছিলকারীদের মধ্য থেকে অন্ততপক্ষে কয়েক ডজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, সোমবার সন্ধ্যায় আল্লাহু আকবার (আল্লাহ মহান) ধ্বনিতে তেহরান স্কয়ারের দিকে এগিয়ে যায় মিছিলকারীরা। এ সময় মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।
রাজধানী তেহরান ছাড়াও ইসফাহান শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে বলে রয়টার্সকে জানান এক প্রত্যক্ষদর্শী।
আধা সরকারি ফার্স সংবাদসংস্থা জানায়, যে কোনো ধরনের সমাবেশ ও সরকারবিরোধী তৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার।
তেহরানে মিছিরকারীদের কেউ কেউ ' স্বৈরাচারের মৃত্যু হোক' বলে স্লোগান দেয়। অন্যান্য বেশকিছু স্থানে একই স্লোগানের পুনরাবৃত্তি হয়।
রাজধানী তেহরানসহ, ইসফাহান, মাসহাদ ও সিরাজ শহরে জনসমাবেশ ও মিছিলের ওপর নিষেধজ্ঞা জারি করা হয়েছে বলে জানায় বিবিসি।
এদিকে, ইরানের মিছিলকারীদের প্রতি সমর্থন ব্যক্ত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, "মিশরে অধিকার আদায়ে যা ঘটেছে, সেই একই অধিকার ইরানিদেরও রয়েছে।"
এরআগে মিশর ও তিউনিসিয়ায় বিদ্রোহের সমর্থনে ইরানের বিরোধী দলীয় নেতা মির হোসেইন মুসাভি ও অপর বিরোধী নেতা মেহদি কারুবি সমাবেশ করতে চেয়েছিলেন৷ এ জন্য সরকারের কাছে তারা অনুমতিও চান। কিন্তু সরকার তাদের আবেদন নাকচ করে দেয়।
পাল্টা ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী এবং বাসিজ সশস্ত্র গোষ্ঠী, উভয় পক্ষই বিরোধীদের হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। বাসিজ কমান্ডার রেজা নাঘদি বলেন, "পশ্চিমের চররা তিউনিসিয়া ও মিশরের মতো ইরানেও বিদ্রোহের আগুন লাগাতে চায়।"
বিক্ষোভের আশঙ্কায় বিরোধীদলীয় নেতাদের এখন গৃহবন্দি করে রাখা হয়েছে।
মিছিলকারীদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এক বিবৃতিতে এই মানবাধিকা সংস্থাটি জানায়, "মিশর ও তিউনিসিয়ার জনগণের প্রতি শান্তিপূর্ণ উপায়ে সমর্থন ব্যক্ত করার অধিকার ইরানিদের রয়েছে।"
তাদের এই মিছিল ২০০৯ সালে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনপরবর্তী বিক্ষোভের কথা স্মরণ করিয়ে দেয়।
ওই নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে বিজয়ী ঘোষণা করা হলেও তা প্রত্যাখ্যান করে বিরোধীপক্ষ।
প্রায় মাসব্যাপী চলা ওই সরকারবিরোধী আন্দোলনে ৮ জন নিহত হয়। পরবর্তী সময়ে নানা অভিযোগে অনেক রাজনৈতিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তাদের মধ্যে ২ জনকে ফাঁসি দেওয়া হয়।
এখনো ইরানের কারাগারে আটক রয়েছে অনেক বিরোধী রাজনৈতিক নেতা-কর্মী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৫৯ ঘ.
bdnews24