কায়রো, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হোসনি মুবারকের পদত্যাগের পর মিশরে জনজীবনে স্বাভাবিকতা ফিরতে শুরু করলেও শাসনভার গ্রহণকারী সেনাবাহিনীর ওপর সংস্কারের দাবিতে চাপ অব্যাহত রেখেছে বিক্ষোভকারীরা।
টানা ১৮ দিনের বিক্ষোভ-সহিংসতার পর শুক্রবার পদত্যাগ করেন ৩০ বছর ধরে মিশর শাসন করে আসা মুবারক। এরপর ক্ষমতা নেয় সেনাবাহিনীর সুপ্রিম কাউন্সিল। নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্র"তি রয়েছে তাদের।
তবে দৃশ্যপট থেকে মুবারক অপসৃত হলেও তাহরির স্কয়ার বা স্বাধীনতা চত্বরে বিক্ষোভকারীরা শনিবার রাতেও জড়ো হয়ে ছিলেন। সংস্কারের দাবিতে স্লোগান দিয়েছেন তারা। উল্লাস করেছেন মুবারকের পদত্যাগে। সেই সঙ্গে বর্তমান সেনাশাসকরা যেন প্রতিশ্র"তি থেকে সরে না যান, সে দাবিও তোলেন তারা।
আন্দোলনের অন্যতম সংগঠক সাফওয়াত হেজাজি রয়টার্সকে বলেন, "যদি সেনাবাহিনী তাদের প্রতিশ্র"তি না রাখে, গণতন্ত্রে উত্তরণে আমাদের দাবিগুলো না মানে; তবে আবারও আমরা রাজপথ কাঁপিয়ে তুলবো।"
রাজনৈতিক সংস্কারের ধরন কী হবে এবং তা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে আলোচনার জন্য একটি কমিটিও গঠন করেছে আন্দোলনকারীরা।
কবে নাগাদ সেনাবাহিনী দেশের কর্তৃত্ব ছাড়বে, সে বিষয়টি এখনো স্পষ্ট না হলেও রোববার অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে এ সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে বলে আশা করছেন অনেকে।
এদিকে টানা ১৮ দিন অচল থাকার পর রোববার সকালে কায়রোসহ বড় শহরগুলোতে জনজীবন অনেকটাই সচল দেখা যায়। ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলেছে। মানুষও প্রাত্যহিক জীবনযাপনে ফিরতে শুরু করেছেন।
বিক্ষোভের কারণে সড়কে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হলেও এখন তা সরিয়ে নেওয়া হয়েছে। তবে গুরুত্বপূর্ণ ভবনগুলোতে সেনাবাহিনীর প্রহরা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০৪০ ঘ.
bdnews24