ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের বিরুদ্ধে শনিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালত।
আদালতের সরকারি আইনজীবীদের ভাষ্য, মুশাররফ জানতেন তালেবানরা বেনজিরকে হত্যার পরিকল্পনা করেছে। তারপরও তিনি রাওয়ালপিন্ডিতে বেনজিরকে খুন হওয়ার হাত থেকে বাঁচানোর চেষ্টা করেননি।
২০০৭ সালে রাওয়ালপিন্ডিতে নির্বাচনী প্রচারভিযানকালে সন্ত্রাসী হামলায় নিহত হন বেনজির। তাকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ রয়েছে মুশাররফের বিরুদ্ধে।
কিন্তু মুশাররফ এ অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমানে স্বেচ্ছা নির্বাসনে লন্ডনে আছেন মুশাররফ।
বিবিসি জানায়, শনিবার রাওয়ালপিন্ডির সন্ত্রাস বিরোধী আদালতে সরকারি আইনজীবীরা বলেছেন, মুশাররফের উপস্থিতি ছাড়া বেনজির হত্যাকাণ্ড তদন্তে আর আগানো সম্ভব হচ্ছে না।
এ মামলা নিয়ে আইনজীবীরা মুশাররফের সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করেছেন। কিন্তু মুশাররফ সহযোগিতা করতে রাজি হননি বলে জানান তারা।
১৯ ফেব্র"য়ারি এ মামলার পরবর্তী শুনানিতে মুশাররফ হাজির না হলে তাকে পলাতক আসামী হিসাবে খোঁজা হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
মুশাররফের লন্ডনের ঠিকানায় একটি প্রশ্নপত্র ইতোমধ্যেই পাঠানো হয়েছে।
মুশাররফ ১৯৯৯ সালে সেনাঅভ্যুত্থানের মধ্য দিয়ে মতা দখল করে পাকিস্তানের প্রেসিডেন্ট হন। ২০০৮ সালে তিনি পদত্যাগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৩ ঘ.
bdnews24