কায়রো, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারককে অবিলম্বে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে পশ্চিমা দেশগুলো।
কায়রোয় তাহরির স্কয়ারে বিক্ষোভকারীদের ওপর মোবারক সমর্থকদের গুলিতে ছয় জন মারা যাওয়ার পর এ আহ্বান এলো।
বিক্ষোভকারীদের ওপর মোবারক সমর্থকদের হামলায় অন্তত ৮৩৬ জন আহত হয়েছে।
এ ঘটনায় মিশরের প্রধানমন্ত্রী আহমেদ শফিক ক্ষমা প্রার্থনা করেছেন। ঘটনাটিকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে তিনি বলেন, এর বিচার হবে।
যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেনের নেতারা বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া অবশ্যই এ মুহূর্তে শুরু হতে হবে। সরকার পরিবর্তনের জন্য মোবারকের ওপর যুক্তরাষ্ট্রও চাপ সৃষ্টি করেছে।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, এখনই মিশরে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু হওয়া প্রয়োজন।
তবে মিশরের প্রধানমন্ত্রী বলছেন, সংস্কারের জন্য সরকারের সময় প্রয়োজন।
কায়রোর তাহরির স্কয়ারে অবস্থানরত বিক্ষোভকারীদের হঠাতে বুধবার মোবারকপন্থীরা উট ও ঘোড়ায় চড়ে হামলা চালায়।
এ ছাড়া মোবারক সমর্থকরা বৃহস্পতিবার সকালে তাহরির স্কয়ারে অবস্থানরত বিক্ষোভকারীদের ওপর নিকটবর্তী অক্টোবর ব্রিজ থেকে গুলিবর্ষণ করে।
সরকারবিরোধী বিক্ষোভকারীরা বলেছে, হামলাকারীরা পুলিশ বাহিনীর সদস্য। তারা সাদা পোশাকে মাঠে নেমেছে।
বিক্ষোভকারীরা মোবারকের পদত্যাগ দাবিতে এখনো অনড়।
মোনা সাইফ নামের এক নারী আল-জাজিরা টেলিভিশন চ্যানেলে ক্ষোভ প্রকাশ করে বলেন, "মোবারক যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমরাও যাবো না।"
বিবিসি জানায়, বুধবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে পাথর নিক্ষেপ ছাড়াও বোমা হামলা হয়।
আল-জাজিরা জানিয়েছে, এই সংঘর্ষে আহত হয়েছে প্রায় দেড় হাজার মানুষ। তবে নিহতরা মোবারক সমর্থক নাকি বিক্ষোভকারী তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর একজন সদস্য রয়েছে বলে জানা গেছে।
মিশরের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ সামেহ বার্তা সংস্থা এপিকে বলেন, "সেতু থেকে পড়ে গিয়ে নিরাপত্তা বাহিনীর এক সদস্য মারা গেছে।"
নয়দিন ব্যাপী চলা সরকারবিরোধী আন্দোলনে এটিই সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা।
প্রেসিডেন্ট মোবারক ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন, মেয়াদ শেষ করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। ওই নির্বাচনে তিনি আর অংশ না নেওয়ারও ঘোষণা দিয়েছেন।
প্রেসিডেন্ট হোসনি মোবারক পাঁচ মেয়াদে টানা ৩০ বছর ধরে মিশর শাসন করছেন।
মিশরের আলেকজান্দ্রিয়াতেও মোবারক সমর্থকদের ওপর বিক্ষোভকারীদের সহিংসতার খবর পাওয়া গেছে।
বুধবার বিশৃঙ্খলা ঠেকাতে সেনা সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে বলে জানা গেছে।
মিশরে নয়দিনের মোবারকবিরোধী আন্দোলনে সহিংসতায় অন্ততপক্ষে ৩০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এএইচ/কেএমএস/২০৪৮ ঘ.
bdnews24