২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে নিহতের সংখ্যা বেড়ে ৬, আহত ৮ শতাধিক

মিশরে তাহরির স্কয়ারে সমবেত সরকার বিরোধী আন্দোলনকারীদের ওপর বৃহস্পতিবার মোবারক সমর্থকরা গুলি চালিয়েছে। এতে অন্ততপক্ষে ৬ জন নিহত ও ৮৩৬ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 08:06 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

কায়রো, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে তাহরির স্কয়ারে সমবেত সরকার বিরোধী আন্দোলনকারীদের ওপর বৃহস্পতিবার মোবারক সমর্থকরা গুলি চালিয়েছে। এতে অন্ততপক্ষে ৬ জন নিহত ও ৮৩৬ জন আহত হয়েছে। তবে এরপরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সমবেতরা। মোনা সাইফ নামে এক নারী আল জাজিরা টেলিভিশন চ্যানেলে ক্ষোভ প্রকাশ করে বলেন, "মোবারক যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমরাও যাবো না।" এর আগে জানানো হয় আন্দোলনকারীদের সঙ্গে মোবারক সমর্থকদের রাতভর সংঘর্ষে অন্ততপক্ষে তিনজন নিহত হয়েছে। কায়রোর তাহরির স্কয়ারে অবস্থানরত বিক্ষোভকারীদের হঠাতে বুধবার মোবারকপন্থীরা উট ও ঘোড়ায় চড়ে আক্রমণ চালায়। পাশাপাশি বৃহস্পতিবার সকালে কায়রোর তাহরির স্কয়ারে অবস্থানরত বিক্ষোভকারীদের ওপর নিকটবর্তী অক্টোবর ব্রিজ থেকে মোবারকপন্থীরা গুলি ছোঁড়ে। বিবিসি জানায়, বুধবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে পাথর ছাড়াও মলটভ বোমা ও পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। আল জাজিরা জানিয়েছে, এই সংঘর্ষে আহত হয়েছে প্রায় দেড়হাজার মানুষ। তবে নিহতরা মোবারকপন্থী নাকি আন্দোলনকারী তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর একজন সদস্যও রয়েছে বলে জানা গেছে। মিশরের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ সামেহ এপি সংবাদ সংস্থাকে বলেন, সেতু থেকে পড়ে গিয়ে নিরাপত্তা বাহিনীর এক সদস্য মারা গেছে। নয়দিনব্যাপী চলা সরকারবিরোধী আন্দোলনে এটিই সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা। প্রেসিডেন্ট মোবারক ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন, মেয়াদ শেষ করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। ওই নির্বাচনে তিনি আর অংশ না নেওয়ারও ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট হোসনি মোবারক পাঁচ মেয়াদে টানা ৩০ বছর ধরে মিশর শাসন করছেন। মিশরের আলেকজান্দ্রিয়াতেও মোবারক সমর্থকদের সঙ্গে আন্দোলনকারীদের সহিংসতার খবর পাওয়া গেছে। সরকারবিরোধী আন্দোলনকারীদের দাবি হামলাকারীরা পুলিশ বাহিনীর সদস্য। তারা সাধারণ পোশাক পরে আন্দোলনকারীদের বিরুদ্ধে মাঠে নেমেছে। বুধবার বিশৃঙ্খলা ঠেকাতে সেনা সদস্যরা ফাঁকা গুলি ছোঁড়ে বলে জানা গেছে। মিশরে নয়দিনের মোবারকবিরোধী আন্দোলনে সহিংসতায় অন্ততপক্ষে ৩০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এএইচ/১৮৫৭ ঘ.