কায়রো, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক অবিলম্বে ক্ষমতা ছাড়ার জন্য বিশ্ব নেতাদের চাপের মুখে পড়েছেন। এ মুহূর্তে ক্ষমতা হস্তান্তর শুরু করার জন্য মোবারককে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও তুরস্ক।
মিশরে প্রবল গণআন্দোলনের মুখে মোবারক মেয়াদ শেষে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর অবিলম্বে ক্ষমতা ছাড়ার এ চাপে পড়লেন।
মোবারকের ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায় জনগণকে বাড়ি ফিরে গিয়ে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে বলেছে সেনাবাহিনী। জনদাবি শোনা হয়েছে। এখন জনগণকে রাস্তা ছেড়ে ঘরে ফিরতে হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
সেনাবাহিনী এর আগে জনগণের দাবিকে বৈধ বলে সম্মান জানিয়ে তাদের ওপর চড়াও না হওয়ার প্রতিশ্র"তি দিলেও এবার তাদেরকে রাজপথ ছাড়ার স্পষ্ট নির্দেশ দিলো তারা।
কিন্তু বিরোধী জোট ইতোমধ্যেই রাজপথ না ছাড়ার অঙ্গীকার করেছে। অবিলম্বে মোবারকের পদত্যাগ চায় তারা।
ওদিকে, আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইতোমধ্যেই বলেছেন, নিয়মমাফিক ক্ষমতা হস্তান্তর এ মুহূর্তে শুরু হওয়া উচিত।
তিনি বলেন, "এ মুহূর্তেই অর্থবহ এবং শান্তিপূর্ণভাবে নিয়মমাফিক ক্ষমতা হস্তান্তর শুরু হওয়া উচিত।"
তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান বুধবার বলেন, ক্ষমতা বদল পরে না, এখনই হওয়া উচিত।
তিনি বলেন, এ মুহূর্তে সাময়িকভাবে একটি প্রশাসনের হাতে ক্ষমতা দেওয়া গুরুত্বপূর্ণ। জনগণ চায় মোবারক ভিন্ন ধরনের পদক্ষেপ নিক।
মিশরের বর্তমান প্রশাসন দেশে স্বল্প সময়ে গণতান্ত্রিক পরিবেশের সূচনা করার ব্যাপারে জনগণের আস্থা অর্জন করতে পারেনি বলে তিনি মন্তব্য করেন।
তুরস্কের রাষ্ট্রপরিচালিত আনাতোলিয়া সংবাদ সংস্থা এরদোয়ানের উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে।
এরদোয়ান জানান, কায়রোর ঘটনাবলী টিভিতে দেখে তার মনে হয়েছে, আগাম ক্ষমতা হস্তান্তর পরিকল্পনা ঘোষণা না করা পর্যন্ত জনগণ শান্ত হবে না।
তিনি বলেন, জনগণ এটাই প্রত্যাশা করছে। এ প্রক্রিয়া শুরু হওয়া উচিত বলে আমি মনে করি। আর এ সম্পর্কিত কর্মপরিকল্পনা এবং দিনক্ষণ এখনই ঘোষণা করা উচিত। তাছাড়া, জনগণকে সন্তুষ্ট করা সম্ভব হবে না।
এরদোয়ানের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজিও দ্রুত ক্ষমতা হস্তান্তর শুরু করার জন্য মোবারককে আহ্বান জানিয়েছেন।
আর এ প্রক্রিয়া যথাসম্ভব শান্তিপূর্ণভাবে করার জন্যও মিশর কর্তৃপক্ষকে এক বিবৃতিতে আহ্বান জানিয়েছেন তিনি।
অন্যদিকে, মোবারকের শাসনাবসানের দাবিতে বিক্ষোভরত জনগণকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।
বুধবার টেলিভিশনে এক বিবৃতিতে জনগণের উদ্দেশে সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, "আপনাদের বার্তা পৌঁছে গেছে, আপনাদের দাবি শোনা হয়েছে। এখন মিশরে স্বাভাবিক জীবযাত্রা ফিরিয়ে আনতে সহায়তা করুন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৪ ঘ.
bdnews24