আম্মান, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জর্ডানে সরকারবিরোধী বিক্ষোভের মুখে সরকার বদল হয়েছে। বাদশাহ আব্দুল্লাহ মঙ্গলবার নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন।
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভের জেরে জর্ডানেও বিক্ষোভ করে জনতা। এরপরই সরকার বদলের এ পদক্ষেপ এলো।
জর্ডানের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, বাদশাহ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী সামির রিফাই-এর পদত্যাগপত্র গ্রহণ করে সাবেক সেনা কর্মকর্তা মারুফ বাখিতকে নতুন মন্ত্রিসভা গঠন করতে বলেছেন। বাখিত এর আগেও দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।
তিউনিসিয়া ও মিশরের সরকারবিরোধী বিক্ষোভে অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে গত মাসের শেষ দিকে বিক্ষোভ করে জর্ডানের জনতা। দ্রব্যমূল্য বৃদ্ধি, দারিদ্র্য ও দুর্নীতির কারণে রিফাই নেতৃত্বাধীন সরকারের প্রতি ক্ষুব্ধ হয় দেশটির জনগণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০১০ ঘ.
bdnews24