ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---মিয়ানমারে নতুন প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন পাওয়াদের মধ্যে দেশটির দীর্ঘদিনের শাসক থান শয়ের নাম নেই।
স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রেসিডেন্ট ও দুই জন ভাইস প্রেসিডেন্ট বেছে নেওয়ার জন্য প্রাথমিকভাবে পাঁচ জনের নামের একটি তালিকা করেছে পার্লামেন্ট।
বিদায়ী জান্তা সরকারের প্রধানমন্ত্রী ও থান শয়ের আস্থাভাজন থিয়েন সেইন রয়েছেন ওই পাঁচ জনের তালিকায়।
প্রায় ৫০ বছরের সেনা শাসনের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো একজন বেসামরিক নাগরিককে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য পার্লামেন্টে ভোট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মিয়ানমারে প্রায় দুই দশক পর সোমবার প্রথম পার্লামেন্ট অধিবেশন বসে।
১৯৯০ সালের নির্বাচনে দেশটির গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সংখ্যাগরিষ্ঠতা পেলেও তাদেরকে সরকার গঠন করতে না দিয়ে সু চিসহ শীর্ষ দুই নেতাকে গৃহবন্দী করে জান্তা সরকার।
তবে ১৯৯২ সালে স মাউংয়ের জায়গায় জেনারেল থান শয়ে দেশটির ক্ষমতায় যাওয়ার পর ১৯৯৩ সালের জানুয়ারিতে পার্লামেন্ট অধিবেশনের অনুমতি দেয় জান্তা সরকার।
কিন্তু পার্লামেন্টে সামরিক বাহিনীর অবৈধ হস্তক্ষেপের কারণে ১৯৯৫ সালে এনএলডি পার্লামেন্ট থেকে বের হয়ে যায় এবং ১৯৯৬ সালের মার্চে পার্লামেন্ট বাতিল হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯১৯ ঘ.
bdnews24