নয়াদিল্লি, ফেব্রুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানে ভয়াবহ বন্যায় খাদ্যশস্যের যে ক্ষতি হয়েছে তাতে সেখানে তিউনিসিয়ার মতো অস্থির পরিস্থিতি ছড়িয়ে পড়তে পারে বলে সোমবার সতর্ক করেছেন আন্তর্জাতিক রেডক্রস ফেডারেশনের প্রধান।
ছয় মাস আগের ভয়াবহ বন্যার ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান।
ওই বন্যায় পাকিস্তানে ১ কোটিরও বেশি মানুষ গৃহহীন হয়েছে। সিন্ধু ও পাঞ্জাব প্রদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে শ' শ', হাজার, হাজার হেক্টর জমির ফসল।
আন্তর্জাতিক রেড ক্রস ফেডারেশন এবং রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)'র প্রেসিডেন্ট তাদাতেরু কোনোয়ে বলেন, কিছু কিছু কৃষিজমি এখনো জলমগ্ন। ফলে খাদ্যমূল্য বাড়ছে এবং খাদ্যসঙ্কট সৃষ্টি হচ্ছে। এতে করে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
খাবারের নিশ্চয়তা দিতে না পারলে সামাজিক অস্থিরতা এবং রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে জানান কোনোয়ে।
তিউনিসিয়ায় যেমন দারিদ্র, দুর্নীতি, দমনপীড়নের মুখে জনগণ ফুঁসে উঠে প্রেসিডেন্টের পতন ঘটিয়েছে ঠিক তেমনি পাকিস্তানেও তালেবান জঙ্গিবাদ, দুর্নীতি, দারিদ্র্যের সঙ্গে খাদ্যসঙ্কট যোগ হয়ে জনগণ ক্ষেপে উঠতে পারে বলে তিনি সতর্ক করে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৩ ঘ.
bdnews24