২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরে দেখা ২০১১ গণজাগরণের বছরে বদলের ঘনঘটা

কি গ্রীষ্ম, কি শীত- পৃথিবী নামের এই গ্রহটিতে বিদায়ী বছরের প্রায় পুরোটা সময় আলোচনায় ছিল আরব বসন্ত- গণতন্ত্রকামী মানুষের নবজাগরণ। এ বছরই নিহত হয়েছেন ওসামা বিন লাদেন। বিশ্বের রাজনৈতিক-অর্থনৈতিক দৃশ্যপট ২০১১ সাল বদলে দিয়েছে অনেকটাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2011, 07:37 AM

Updated : 24 Aug 2022, 05:30 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কি গ্রীষ্ম, কি শীত- পৃথিবী নামের এই গ্রহটিতে বিদায়ী বছরের প্রায় পুরোটা সময় আলোচনায় ছিল আরব বসন্ত- গণতন্ত্রকামী মানুষের নবজাগরণ। ২০১১ সালেই যুক্তরাষ্ট্রের গোপন অভিযানে নিহত হয়েছেন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন। ইরাকে মার্কিন যুদ্ধের হয়েছে অবসান। জাপানে ভূমিকম্প আর সুনামিতে পারমাণবিক বিপর্যয়ের শঙ্কা আর ইউরোপের অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যেও আশা জাগিয়েছেন শান্তিতে নোবেল জয়ী তিন নারী। এই বিশ্বের রাজনৈতিক-অর্থনৈতিক দৃশ্যপট ২০১১ সাল বদলে দিয়েছে অনেকটাই। আরব বসন্ত ২০১১ সালে বিশ্বকে সবচে বেশি আলোড়িত করেছে আরব দুনিয়ার গণআন্দোলন, যা পরিচিতি পায় আরব বসন্ত নামে। ক্ষমতাসীন শাসকের বিরুদ্ধে সাধারণ মানুষের এই বিক্ষোভ ও জয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোর অবদানও আলোচনার ঝড় তোলে। জানুয়ারির শুরুর দিকেই তিউনিসিয়ায় প্রেসিডেন্ট জিনে আল আবিদিন বেন আলির বিরুদ্ধে গণআন্দোলন শুরু হয়। আন্দোলন প্রবল হলে ১৪ জানুয়ারি সপরিবারে সৌদি আরব পালিয়ে যেতে বাধ্যা হন বেন আলি। দীর্ঘ ২২ বছর তিউনিসিয়ার ক্ষমতায় ছিলেন তিনি। বিচারে ৩৫ বছরের সাজা পেয়েছেন সাবেক এ তিউনিস প্রেসিডেন্ট। প্রায় ৩০বছর মিসরের ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট হোসনি মুবারক। ২৫ জানুয়ারি তার শাসনেরে বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। সামাজিক যোগাযোগ সাইটে মুবারকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাকে কায়রোর তাহরির চত্বরে জড়ো হয় বিক্ষোভকারীরা। তুমুল আন্দোলনের মুখে ১১ ফেব্র“য়ারি পদত্যাগ করেন মুবারক। বিচারে মুবারক ও তার দুই ছেলের ১৫ বছর করে কারাদণ্ড হয়। বেনগাজিতে এক আইনজীবীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ থেকে শুরু হয় লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গণ আন্দোলন। দমন নিপীড়ন চালিয়ে তা দমানোর সব চেষ্টাই করেন গাদ্দাফি। পরে ন্যাটোর হস্তক্ষেপে গাদ্দাফিকে হটাতে সক্ষম হয় লিবিয়ার ‘ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল’ (এনটিসি)। ২১ অগাস্ট রাজধানী ত্রিপোলি থেকে গাদ্দাফি পালিয়ে যান। রাজধানী দখল করে এনটিসি। পলাতক গাদ্দাফি লড়াই অব্যাহত রাখেন। ২০ অক্টোবর জন্ম শহর সির্তে এনটিসি যোদ্ধাদের হাতে নিহত হন গাদ্দাফি। অবসান ঘটে গাদ্দাফির ৩৯ বছরের শাসনের। ফেব্র“য়ারিতে ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। সালেহ সরকারি বাহিনী দিয়ে বিক্ষোভ দমনের চেষ্টা করে যান। ৩ জুন প্রেসিডেন্ট প্রাসাদের মসজিদে এক গোলা হামলায় মারাত্মক আহত হয়ে সৌদি আরবে চিকিৎসা নিতে যান সালেহ। তিন তিন বার ক্ষমতা হস্তান্তর চুক্তি থেকে সরে এসে ২৩ নভেম্বর অবশেষে উপসাগরীয় সহযোগিতা সংস্থা (জিসিসি)’র পরিকল্পনায় ক্ষমতা হস্তান্তর চুক্তি স্বাক্ষর করেন তিনি। ৩৩ বছর ইয়েমেনের প্রেসিডেন্ট পদে ছিলেন আলি আব্দুল্লাহ সালেহ। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী বিক্ষোভ মার্চ মাসে শুরু হয়ে এখনো চলছে। আন্তর্জাতিক অনুরোধ ও চাপ উপেক্ষা করে সরকারি বাহিনী ব্যবহার করে বিক্ষোভকারীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালাচ্ছেন প্রেসিডেন্ট আসাদ। বিক্ষোভাকারীদের ওপর নিপীড়নের দায়ে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার কবলে পড়েছেন আসাদ। সেইসঙ্গে আরব লীগ থেকে সিরিয়াকে সাময়িকভাবে বহিষ্কারও করা হয়েছে। তারপরও চলছে নিপীড়ন। ১১ বছর ধরে সিরিয়ার ক্ষমতায় আছেন আসাদ। এর আগে ২৯ বছর সিরিয়ার ক্ষমতায় ছিলেন আসাদের বাবা হাফেজ আল আসাদ। আরব বসন্তের ঢেউ লেগেছে বাহরাইন, মরক্কোতেও। এছাড়া এর অনুপ্রেরণায় যুক্তরাজ্যের রাজধানী লন্ডনেও ব্যাপক বিক্ষোভ ও দাঙ্গা হয়। ৬ অগাস্ট থেকে ১০ অগাস্ট পাঁচদিন ধরে চলে এ দাঙ্গা। ৪ অগাস্ট পুলিশের গুলিতে মার্ক ডুগান নামের এক ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদ বিক্ষোভ দাঙ্গায় পরিণত হয়। এতে অন্তত ৫ জনের প্রাণহানি হয়। মার্কিন কর্পোরেট অর্থনৈতিক কাঠামো সংস্কারের দাবিতে ‘অকুপাই ওয়ালস্ট্রিট’ নামে শুরু হওয়া আন্দোলনের পেছনেও ছিল আরব জাগরণের অনুপ্রেরণা। নিউ ইয়র্ক থেকে বিশ্বের বেশ কয়েকটি বড় শহরে এ আন্দোলন ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ ও গ্রেপ্তারের ঘটনা ঘটে। বিন লাদেন হত্যা পাকিস্তানে যুক্তরাষ্ট্রের গোপন অভিযানে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যা ছিল এ বছরের আরেক আলোচিত ঘটনা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ারে আত্মঘাতী বিমান হামলার পর থেকেই সৌদি বংশোদ্ভুত বিন লাদেনকে হন্যে হয়ে খুঁজছিল ওয়াশিংটন। অবশেষে চলতি বছর ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে বিন লাদেনের গোপন ডেরায় বিশেষ অভিযান চালায় যুক্তরষ্ট্র। এতে নিহত হন ওসামা বিন লাদেন। ইউরোপের অর্থনৈতিক সংকট ২০১১ সালে ইউরোপ জুড়ে চলে ভয়াবহ অর্থনৈতিক সংকট। ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরোর দেশগুলোকে বাঁচাতে এগিয়ে আসে ফ্রান্স ও জার্মানি। ঋণ সংকট সামলাতে ব্যয় সঙ্কোচন বিল গ্রহণ করে গ্রিস, ইতালি। তবে শেষ রক্ষা করতে হয়নি গ্রিক প্রধানমন্ত্রী জর্জ পাপা›দ্রু ও ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকুনির। দুজনকেই পদত্যাগ করতে হয়। দুর্যোগ-দুর্বিপাক এ বছরের প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিলো জাপানের ভূমিকম্প ও সুনামি, থাইল্যান্ডের বন্যা এবং সিকিম ও তুরস্কের ভূমিকম্প। জাপানের ভূমিকম্প ও সুনামি: ১১ মার্চ রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় জাপান। ১৫ হাজারের বেশি মানুষ নিহত ও প্রায় ৪ হাজার নিখোঁজ হয়। ভূমিকম্প পরবর্তী সুনামিতে দেশটির ফুকুশিমা পরমাণু কেন্দ্রে চুল্লি ক্ষতিগ্রস্ত হয়ে দেখা দেয় পরমাণু বিপর্যয়। সিকিমে ভূমিকম্প: ভারতের সিকিমে ১৮ই সেপ্টেম্বর ৬ দশমিক ৯ মাত্রার যে ভূমিকম্প হয় তাতে কেঁপে ওঠে ভারতের উত্তর পূর্বাঞ্চল, নেপাল, তিব্বতের দক্ষিণাঞ্চল আর বাংলাদেশও। অন্তত ১শ ১১ জনের প্রাণহানি ঘটে এতে। তুরস্কে ভূমিকম্প: বছরের শেষভাগে এসে তুরস্কের পূর্বাঞ্চলে আরেকটি ভূমিকম্প হয়। ২৩ অক্টোবর রিখটার স্কেলে ৭ দশমিক ১ মাত্রার ওই ভূমিকম্পে ছয়শ’র বেশি মানুষ নিহত ও হাজার হাজার ভবন ধস হয়। থাইল্যান্ডে বন্যা: জুলাইয়ে বন্যার কবলে পড়ে থাইল্যান্ড। রাজধানী ব্যাংককসহ বেশ কয়েকটি প্রদেশ পানির নিচে চলে যাওয়ায় ৫ দিনের সরকারি ছুটি ঘোষণা করতে বাধ্য হয় থাই সরকার। দেশটির কিছু এলাকার জলাবদ্ধতা এখনো কাটেনি। ফিলিস্তিন প্রতি বছরের মতো এবারও আলোচনায় ছিল ফিলিস্তিন। জাতিসংঘে পূর্ণ রাষ্ট্রের মর্যাদা চেয়ে আলোচনার ঝড় তোলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে পূর্ণ সদস্যের মর্যাদা দেওয়ার আহ্বান জানান তিনি। তবে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সং®কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) ৩১ অক্টোবর ফিলিস্তিনকে পূর্ণ পর্যবেক্ষক সদস্যের মর্যাদা দেয়। নারীদের জন্য অর্জনের বছর এ বছর থাইল্যান্ডের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পুয়ে থাই পার্টির হয়ে নির্বাচনে জয়ী হন ৪৪ বয়সী ইংলাক সিনাওয়াত্রা। থাইল্যান্ডে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন তিনি। ব্রাজিলও প্রথমবারের মতো একজন নারী প্রেসিডেন্ট পেয়েছে এবার। দিলমা ভানা রৌসেফ ২ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিন নারী। এরা হলেন ইয়েমেনের তাওয়াক্কুল কারমান, লাইবেরিয়া ও আফ্রিকার প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ এবং লাইবেরিয়ার মানবাধিকার কর্মী লেমা বোয়ি। নিজেদের অবস্থানে দাঁড়িয়ে পরিবর্তনের জন্য অহিংস সংগ্রামের স্বীকৃতি হিসেবে এই তিন নারীকে মনোনীত করে নোবেল কমিটি। ওদিকে, এ বছরই ব্রিটিশ রাজ সিংহাসনের সমান অধিকার পেয়েছে মেয়েরা। চলতি বছর অস্ট্রেলিয়ায় কমনওলেথ সম্মেলনে আইনটিতে সই করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। পশ্চিমবঙ্গে বাম শাসনের অবসান ভারতের পশ্চিমবঙ্গ থেকে সিপিএমকে হটিয়ে এবার নির্বাচনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। এর মধ্য দিয়ে সিপিএমের ২২ বছরের শাসনের অবসান হয় পশ্চিবঙ্গে। মুখ্যমন্ত্রী হন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী। রাজকীয় বিয়ে রাজা-রানিদের দূর আকাশের তারাই মনে করে সাধারণ মানুষ। ধরা ছোঁয়ার বাইরে থাকা এই মানুষগুলো ২০১১ সালে যেনো সাধারণের কাতারে নেমে এসেছিলেন উৎসবের মধ্য দিয়ে। ২০১১ সালের ১৪ এপ্রিলে সাধাররণ এক পরিবারের মেয়ে কেট মিডলটনকে বিয়ে করেন ব্রিটিশ প্রিন্স উইলিয়াম। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ টেলিভিশন পর্দায় সেই বিয়ের অনুষ্ঠান উপভোগ করে। উইলিয়ামের বিয়ের রেশ কাটতেই আরেক সাধারণ মেয়েকে বিয়ে করে আলোড়ন তোলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। ১৩ অক্টোবর বিশ্ববিদ্যালয় পড়–য়া জেসান পেমারকে দেশের রানি হিসেবে গ্রহণ করেন তিনি। আগমন নতুন অতিথির আগমন ঘটেছে ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ও ফার্স্ট লেডি কার্লা ব্র“নির ঘরে। ১৯ অক্টোবর একটি কন্যা শিশুর জন্ম দিয়েছেন ব্র“নি। ওদিকে, আরেক চমক সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের মেয়ের জন্ম। ১৬ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন ঐশ্বরিয়া রাই। ঐশ্বরিয়া ও তার স্বামী অভিনেতা অভিষেক বচ্চনের সন্তানের জন্ম নিয়ে ভারতে কোটি কোটি রূপির বাজিও হয়। প্রস্থান এ বছর সবচেয়ে বড় ক্ষতি হয়েছে প্রযুক্তি ক্ষেত্রে। চলে গেছেন প্রযুক্তিবিদ, অ্যাপল ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা স্টিভ জবস। ক্যান্সারে আক্রান্ত হয়ে ৫ অক্টোবর মারা যান তিনি। অন্যান্য এ বছরও আলোচনায় ছিল সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস ও এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। যৌন হয়রানির মামলায় জড়িয়ে আন্তর্জাতিক মুদ্র তহবিলের সাবেক প্রধান ডমিনিক স্ট্রস কানও আলোচনায় ছিলেন। ভারত-পাকিস্তান সম্পর্ক, পাকিস্তানের সঙ্গে মিত্র যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন, ইরাক, আফগানিস্তানের যুদ্ধ এবং ইরানের পরমাণু কর্মসূচিও বার বার এসেছে সংবাদ শিরোনামে। আর শেষভাগে এসে আলোর গতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। প্রাথমিক গবেষণায় বিজ্ঞানীরা আলোর চেয়ে গতিশীল কণার কথা জানালেও শেষ পর্যন্ত দেখা যায়, আইনস্টাইনের পূরনো সূত্রই বহাল থাকছে। মধ্যপ্রাচ্যের ‘আরব বসন্ত’ থেকে শুরু করে নিউ ইয়েের্কর অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলনে অংশ নেওয়া প্রতিবাদী মানুষদেরকেই বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচন করে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম। বছরজুড়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে অস্থিরতা চলেছে, তা রেশ চলবে নতুন বছরেও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/জেকে/১১২০ ঘ.