ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর মাত্র কিছুদিন পরই দুই নরনারী শতবর্ষে পা রাখবেন। দম্পতি হিসেবে তারা ইতোমধ্যে একসাথে কাটিয়েছেন জীবনের ৭৭টি বছর। অথচ এই সময়ে এসে তাদের মনে হলো একসাথে আর থাকা যাচ্ছে না। ফলে বিশ্বের সবচেয়ে বয়স্কজুটি হিসেবে বিয়ে বিচ্ছেদ ঘটাতে যাচ্ছেন এই ইতালীয় দম্পতি।
রোমে প্রকাশিত আদালতের নথি থেকে জানা গেছে, একটি পুরনো চেস্ট অব ড্রয়ায়ে স্ত্রী রোসা সি’র গোপন প্রেমপত্রই স্বামী অ্যান্টোনিও সিকে বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেছে।
১৯৪০-এর দশকে রোসা তার গোপন প্রেমিকের কাছে বেশকিছু চিঠি লিখেছিলেন।
অ্যান্টোনিওর বয়স এখন ৯৯ বছর এবং তার স্ত্রী রোসা সি’র বয়স ৯৬ বছর। তারা ৭৭ বছর ধরে সংসার করছেন বলে দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়।
প্রায় আট দশক এক সাথে সংসার করার পর ছাড়াছাড়ি হতে যাওয়া এই দম্পতির সংসার জীবনে পাঁচ সন্তান, এক ডজন নাতি-নাতনি এবং নাতির ঘরের সন্তানও রয়েছে।
১৯৩০’র দশকে অ্যান্টোনিও যখন নেপলসে কর্মরত ছিলেন তখন তাদের মাঝে প্র্রথম সাক্ষাৎ হয়।
দশ বছর আগে রোসার লিখা এসব চিঠিপত্র আবিষ্কার করেন অ্যান্টোনিও। এরপর তিনি এক সন্তানকে নিয়ে তাদের রোমের বাসা ছেড়ে যান। কিন্তু কিছুদিন আগে তিনি আবার ফিরে এসে বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
এর আগে ২০০৯ সালে যুক্তরাজ্যের ৯৮ বছর বয়সী দুই নর-নারী তাদের ৩৬ বছরের দাম্পত্যজীবনের অবসান ঘটিয়ে সবচেয়ে বয়স্কজুটি হিসেবে বিয়ে বিচ্ছেদের রেকর্ড করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/সিআর/১৬০০ ঘ.
bdnews24