২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবায় মুক্তি পাচ্ছে ৩ হাজার বন্দি

মানবিক বিবেচনায় সাধারণ ক্ষমার আওতায় ২ হাজার ৯শ’ বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে কিউবা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2011, 04:58 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

হাভানা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মানবিক বিবেচনায় সাধারণ ক্ষমার আওতায় ২ হাজার ৯শ’ বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে কিউবা। দেশটিতে ষোড়শ পোপ বেনেডিক্টের সফরকে সামনে রেখে তারা এ সিদ্ধান্ত নিয়েছে বলে শুক্রবার সরকার জানিয়েছে। কিছুদিন আগে পোপ বেনেডিক্ট জানান, ইস্টার সানডের (৮ এপ্রিল) আগে তিনি কিউবা ও মেক্সিকো সফর করবেন। কিউবা সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর সিদ্ধান্ত অনুযায়ী ক্ষমতাসীন কাউন্সিল এ ক্ষমা অনুমোদন করেছে। এর আগে জাতীয় পরিষদে পৃথক এক ভাষণে রাঊল জানান, কিউবার রোমান ক্যাথলিক চার্চের কর্মকর্তারা ও বন্দিদের পরিবার তাদেরকে মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছে। আর এ উদ্যোগ কিউবা বিপ্লবের ‘উদারতা ও সামর্থ্য’ তুলে ধরবে বলেও জানান তিনি। সরকার জানায়, যাদেরকে মুক্তি দেওয়া হবে তাদের মধ্যে রয়েছে ষাটোর্ধ্ব বয়সী ব্যক্তি, অসুস্থ বন্দি, নারী ও আগে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ নেই এমন সব যুবক। আর এদের মধ্যে ২৫টি দেশের ৮৬ জন বিদেশি নাগরিকও রয়েছে বলে রাউল জানান। সরকারের এক মুখপাত্র জানান, যাদেরকে মুক্তি দেওয়া হবে তাদের মধ্যে আমেরিকার অ্যালান গ্রসের নাম নেই। যুক্তরাষ্ট্রের গোপন উদ্যোগে দেশটিতে ইন্টারনেট সরঞ্জাম স্থাপন করার অভিযোগে ১৫ বছরের কারাভোগ করছেন অ্যালান। ২০১০ সালে ক্যাথলিক চার্চের উদ্যোগে নেওয়া এক চুক্তির অংশ হিসেবে ১শ’রও বেশি বন্দিকে মুক্তি দেয় কিউবা। বেনেডিক্স-এর সফরের মধ্যদিয়ে সমাজতান্ত্রিক এই দেশটিতে দ্বিতীয়বারের মতো কোনো পোপর সফর করবেন। এর আগে ১৯৯৮ সালে দ্বিতীয় পোপ জন পল কিউবা সফর করেন। তার ওই সফরের পর কিউবার সরকার ১০১ জন রাজবন্দিসহ ৩শ’ বন্দিকে মুক্তি দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০৫৪ ঘ.