২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফোবর্সের তরুণ কৃতিমানদের তালিকায় জুকারবার্গ ও গাগা

ফোর্বস ম্যাগাজিনে ৩০ বছরের কম বয়সী কৃতীদের তালিকায় স্থান পেয়েছেন ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, পপ তারকা লেডি গাগা, জাস্টিন বিবার ও মানবাধিকার কর্মী রোনান ফ্যারো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 08:35 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

নিউইয়র্ক, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফোর্বস ম্যাগাজিনে ৩০ বছরের কম বয়সী কৃতীদের তালিকায় স্থান পেয়েছেন ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, পপ তারকা লেডি গাগা, জাস্টিন বিবার ও মানবাধিকার কর্মী রোনান ফ্যারো। এ তালিকাতে আরো আছেন ইনস্টলেশন নির্মাণকারী শিল্পী জেআর, চলচ্চিত্র প্রযোজক এবং ওরাকলের প্রধান নির্বাহী কর্মকর্তার ছেলে ডেভিড এলিসন। ১২টি ভিন্ন ক্যাটাগরিতে ৩০ বছরের কম বয়সী ৩০ জন করে কৃতীর তালিকা তৈরি করেছে ফোর্বস। ক্যাটাগরিগুলোর মধ্যে আরো রয়েছে বিনোদন, সঙ্গীত, শিল্পকলা, আইন ও নীতি নির্ধারণ, জ্বালানি খাত, খাদ্যশিল্প, গণমাধ্যম, সামাজিক/মোবাইল প্রযুক্তি, আবাসন বাণিজ্য প্রভৃতি। ফোর্বসের মতে, আগামী দিনের উজ্জ্বলতম তারকা হতে যাচ্ছেন এসব তালিকায় ঠাঁই পাওয়া তরুণেরা। ফোর্বসের জানুয়ারি মাসের সংখ্যায় তালিকার বিস্তারিত প্রকাশ করা হবে। এক বিবৃতিতে ফোর্বসের নির্বাহী সম্পাদক মাইকেল নোয়েল বলেন, তালিকার বেশিরভাগ নাম সুপরিচিত হলেও, ডেনিয়েল ফংয়ের মতো সদ্য লাইম লাইটে আসা তরুণও তালিকায় রয়েছেন। মাত্র ১৭ বছর বয়সে প্রিন্সটন ইউনিভার্সিটির পিএইচডি প্রোগ্রামে সুযোগ পান ফং। ২০ বছর বয়সী ফং এরই মধ্যে প্রতিষ্ঠা করেছেন বিকল্প জ্বালানি প্রতিষ্ঠান ‘লাইটসেইল’। ইউএস স্টেট ডিপার্টমেন্টের নীতি বিষয়ক বিশেষজ্ঞ রোনান ফ্যারো স¤প্রতি ‘রোডস স্কলার’ স্বীকৃতি পেয়েছেন। অভিনেত্রী মিয়া ফ্যারো ও অভিনেতা-পরিচালক উডি অ্যালেনের একমাত্র সন্তান তিনি। আবাসন বাণিজ্য ক্যাটাগরিতে ২৪ বছর বয়সী অ্যালেক্স হোডারা যুক্তরাষ্ট্রের সর্বপ্রথম শিক্ষার্থী পরিচালিত আবাসন ব্রোকার কোম্পানিটির প্রতিষ্ঠাতা। এছাড়া ২৯ বছর বয়সী কুনাল শাহ গোল্ডম্যান শ্যাক্সের সর্বকনিষ্ঠ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে উঠে এসেছেন এ তালিকায়। বিনোদন ক্যাটাগরিতে রয়েছেন ডোনাল্ড গ্লোভার, জোনাহ হিল, জেনিফার লরেন্স এবং ১৩ বছর বয়সী জ্যাডেন স্মিথ। সঙ্গীত ক্যাটাগরিতে লেডি গাগার সঙ্গে আরো রয়েছেন বিবার, গায়িকা অ্যাডেল, কেটি পেরি, রিহানা ও র‌্যাপার লিল’ ওয়েন। প্রযুক্তি ক্যাটাগরিতে মার্ক জুকারবার্গ ছাড়াও রয়েছেন প্রযুক্তি বিষয়ক সংবাদের ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিষ্ঠাতা পিটার ক্যাশমোর। খাদ্যশিল্প ক্যাটাগরিতে স্থান পেয়েছেন ওয়াইন প্রস্তুতকারী প্রতিষ্ঠান চ্যানিন ওয়াইনসের স্বত্ত্বাধিকারী ২৫ বছর বয়সী গ্যাভিন চ্যানিন। ২১ বছর বয়স থেকেই ওয়াইন প্রস্তুত করে আসছেন চ্যানিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৩২ ঘ.