কুয়েত, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত বিশ বছরের মধ্যে কুয়েতের সবচেয়ে জটিল রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে ২ ফেব্র“য়ারিতে আগাম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন দেশটির আমির শেখ সাবাহ আল আহমদ আল সাবা।
গত ৬ ডিসেম্বর কুয়েতের ৫০ সদস্যদের পার্লামেন্ট ভেঙে দেন আমির শেখ সাবাহ। পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণার পরবর্তী ৬০ দিবসের মধ্যে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে হতো তাকে।
কথিত দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ নাসের আল মোহাম্মদ আল সাবাকে প্রশ্ন করার অনুমতি চেয়েছিলো পার্লামেন্টের বিরোধীদলীয় সদস্যরা। কিন্তু অনুমতি দিতে অস্বীকার করে আমিরের ভ্রাতুষ্পুত্র শেখ নাসেরের নেতৃত্বাধীন মন্ত্রিসভা।
শেখ নাসেরের বিরুদ্ধে সরকার পরিচালনায় অদক্ষতা ও বড় ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ আনে বিরোধীদল। তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবী করে।
এ ঘটনায় কুয়েতের রাজনৈতিক বিরোধ চরমে ওঠে। বিরোধীদলীয় সদস্যরা পার্লামেন্টের ওপর চড়াও হয়ে ভাংচুর চালায়। পার্লামেন্টের সামনে ধারাবাহিক বিক্ষোভ করতে থাকে।
এ অবস্থায় প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান শেখ নাসের। পদত্যাগ করে তার মন্ত্রিসভার সব সদস্য। পরবর্তীতে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন আমির শেখ সাবাহ।
কুয়েত সরকারের সর্বময় ক্ষমতা নিয়ন্ত্রণ করে আমির শেখ সাবার পরিবার। নির্বাচন পর্যন্ত নতুন প্রধানমন্ত্রী হিসেবে ওই পরিবারেরই শেখ জাবের আল মুবারক আল সাবাকে নিয়োগ দেন শেখ সাবা। শেখ জাবের পদত্যাগকারী মন্ত্রিসভার প্রতিরক্ষামন্ত্রী ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬২৫ঘ.
bdnews24