২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিউনিসিয়ায় সেই বৌয়াজিজির স্মরণে ভাস্কর্য

যার মৃত্যুকে কেন্দ্র করে তিউনিসিয়ায় বিক্ষোভের মধ্য দিয়ে ‘আরব বসন্তের’ শুরু সেই ফলবিক্রেতা মোহাম্মদ বৌয়াজিজির সম্মানে একটি ভাস্কর্য নির্মাণ করেছে তিউনিসিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2011, 06:47 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যার মৃত্যুকে কেন্দ্র করে তিউনিসিয়ায় বিক্ষোভের মধ্য দিয়ে ‘আরব বসন্তের’ শুরু সেই ফলবিক্রেতা মোহাম্মদ বৌয়াজিজির সম্মানে একটি ভাস্কর্য নির্মাণ করেছে তিউনিসিয়া। বিবিসির এক খবরে শনিবার বলা হয়, তার স্মরণে সিদি বৌজিদে নির্মিত হাতে-টানা একটি ভ্যানের ভাস্কর্য উদ্বোধনে শনিবার জনতার সঙ্গে যোগ দেন তিউনিসিয়ার নতুন রাষ্ট্রপতি মোনসেফ মারজৌকি। ২৬ বছর বয়সী বৌয়াজিজি গত ডিসেম্বরের মাঝামাঝি গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। শরীরের ৯০ শতাংশ পুড়ে যাওয়া অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনি গত ৫ জানুয়ারি মারা যান। তার গায়ে আগুন ধরানোর পর ১৭ ডিসেম্বর থেকে বিক্ষোভে ফেটে পড়ে তিউনিসিয়ার জনতা। বিক্ষোভের মুখে ২৩ বছরের ক্ষমতা ছাড়তে বাধ্য করেছিল তিউনিসিয়ার রাষ্ট্রপতি জিনে এল-আবিদিন বেন আলি। হাতে-টানা একটি ভ্যানে করে ফল বিক্রি করা বৌয়াজিজির ইচ্ছা ছিলো একটি পিক-আপ ভ্যানে করে ফল বিক্রি করা। তার পরিবার বলেছে, স্থানীয় প্রশাসনের তিন কর্মকর্তাকে ঘুষ দিতে রাজি হননি বৌয়াজিজি। এতে তার জিনিসপত্র জব্দ করে তাকে পেটায় কর্মকর্তারা। এরপর তার গভর্নরের সঙ্গে দেখা করার দাবি প্রত্যাখ্যান হলে প্রতিবাদে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন বৌয়াজিজি। রাষ্ট্রপতি মোনসেফ বলেন, “তিউনিসিয়ার মানুষকে সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।” গত অক্টোবরে ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মোনসেফ। এরপর চলতি বছর মধ্যপ্রাচ্য জুড়ে চলতে থাকে গণআন্দোলন। একে একে মিশর, লিবিয়া, ইয়েমেনের দীর্ঘমেয়াদি শাসকরা ক্ষমতাচ্যুৎ হন। প্রবল বিক্ষোভের সূচনা ঘটে সিরিয়াতেও। গণ আন্দোলনের এ আঁচ বছরের তৃতীয়ার্ধে অনুভূত হতে শুরু করে আমেরিকায়ও। সেখানে আর্থিক ব্যবস্থাপনা সংশোধন এবং কর্পোরেট পুঁজির অতিমুনাফার প্রতিবাদে ‘অকুপাই ওয়াল স্ট্রিট’ নামে আন্দোলন শুরু হয় নিউ ইয়র্কে। এ পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ‘প্রতিবাদীদের’ চলতি বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/০০৪৪ ঘ.