২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া সঙ্কট সমাধানে জাতিসংঘে রাশিয়ার প্রস্তাবনা

সিরিয়ার সঙ্কট নিরসনে পশ্চিমা বিশ্বকে অবাক করে দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবনা পেশ করেছে রাশিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2011, 09:48 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ার সঙ্কট নিরসনে পশ্চিমা বিশ্বকে অবাক করে দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবনা পেশ করেছে রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৪ সদস্য দেশকে প্রস্তাবনাটি দিয়েছে। খসড়া এ প্রস্তাবনায় সিরিয়ার সরকার ও বিরোধী দুপক্ষেরই সহিংসতার নিন্দা করা হয়েছে, তবে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির ব্যাপারে কিছু বলা হয়নি। রাশিয়ার জাতিসংঘ দূত ভিটলে চারকিন বলেছেন, প্রস্তাবে সিরিয়ায় সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়েছে। পশ্চিমা দেশগুলো বলছে, এ প্রস্তাবনা যথেষ্ট কঠোর নয়। তারপরও এ প্রস্তাব নিয়ে তারা আলোচনা করবে। তবে এতে সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘন ও আরব লিগের নিষেধাজ্ঞা বাস্তবায়নের মতো বিষয়গুলোতে আরো কঠোর ভাষা ব্যবহার করা হোক এমনটিই চাইছেন পশ্চিমা কূটনীতিকরা। বিশেষত, প্রস্তাবনায় সিরিয়ায় সহিংসতার জন্য প্রাথমিকভাবে দামেস্ককেই দায়ী করা এবং সরকার ও বিরোধী দুপক্ষের ওপর সমান দায় না চাপানোই উচিত বলে মনে করছেন তারা। বিবিসি একথা জানিয়েছে। সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বেশ কয়েক মাস ধরেই রাশিয়াকে তাগাদা দিয়ে আসছে পশ্চিমা দেশগুলো। কিন্তু রাশিয়া ও চীন বরাবরই সিরিয়া বিরোধী পদক্ষেপে ভেটো দিয়ে আসছে। সিরিয়ার সর্বশেষ সহিংতার ঘটনায় নিরাপত্তা বাহিনীর ২৭ সদস্য নিহত হয়েছে। লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সংগঠন বলছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশে এ হত্যাকাণ্ড ঘটে। ইতিমধ্যে সিরিয়ায় বিদেশি সাংবাদিকরা বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছে যার ফলে সঠিক তথ্য বেশিরভাগ সময়ই আড়ালে থেকে যাচ্ছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সিরিয়ায় গত সাত মাসের বিদ্রোহে অন্তত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সশস্ত্র বাহিনীকেই এজন্য দায়ী করা হয়। তবে স¤প্রতি যুক্তরাষ্ট্রে একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে বাশার আল-আসাদ বলেন, বিদ্রোহীদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহারের কোনো নির্দেশ তিনি দেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৫৪০ঘ.