ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলকাতার আমরি হাসাপাতালে আগুন লাগার ঘটনায় ৯১ জনের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিষাক্ত চোলাই মদ পান করে মারা গেল ১৫০ জনেরও বেশি মানুষ। আর এ ঘটনায় রাজ্যের ক্ষমতাসীন ও বিরোধীপক্ষ পরস্পরকে দোষারোপ করছে।
জানা গেছে, কয়েকটি হাসপাতালে এখনো মৃত্যুর সঙ্গে লড়ছে ৩৫০ জনের বেশি মানুষ। পুলিশ ওই বিষাক্ত মদ সরবরাহকারীদের মূল হোতাকে খুঁজে বের করার চেষ্টা করছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, খোড়া বাদশা ও তার সহযোগী নূর ইসলাম ফকির এ ঘটনার মূল হোতা। সেলিম নামে একজন অন্যদের সাথে নিয়ে ওই বিষাক্ত চোলাই তৈরি ও বিতরণের কাজ করেছে।
তবে বাদশা ও নূর ইসলামের উচ্চ পর্যায়ের রাজনৈতিক যোগাযোগ রয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, এক সময় সিপিএমের সাথে বাদশার সখ্য ছিল। সেলিমেরও তাই। কিন্তু পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের সাথে সাথে তারাও এখন ভোল পাল্টে ফেলেছে।
চোলাই মদে মৃত্যুর ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের সরকারপক্ষ তৃণমূল ও বিরোধীপক্ষ সিপিএম পরস্পরকে দোষারোপ করছে।
বুধবার রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ১২ টি গ্রামের লোকজন ওই বিষাক্ত মদ পানে অসুস্থ হয়ে পড়ে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সময়ের সাথে সাথে মৃতের সংখ্যা বাড়তে থাকে।
পুলিশ জানিয়েছে, মগরাহাট, উস্তি ও মন্দিরবাজার এলাকায় এ ঘটনার পর চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মদ পানকারীরা প্রায় সবাই খেটে খাওয়া শ্রমজীবী শ্রেণীর মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, চোখ জ্বালা ও খিঁচুনি ইত্যাদি উপসর্গ নিয়ে বুধবার ভোর থেকেই খাপুর, কচুয়াপাড়া, সংগ্রামপুর, কালিকাপোতা, বামনাপাড়া, সেকেন্দরপুর, ধান্যকাটাসহ আরো বেশ কয়েকটি এলাকার অনেক বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অনেকে মারা যান। হাসাপাতালে নেওয়ার পরও মৃতের সংখ্যা বাড়তেই থাকে।
চোলাই মদ বিক্রি ভারতে অবৈধ। কিন্তু তা সস্তা হওয়ায় শ্রমজীবী মানুষ তাই পান করে।
ঠিক কি কারণে ওই চোলাই মদে বিষক্রিয়া হয়েছিল তা অবশ্য এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আগে চোলাইয়ের সঙ্গে মিথাইল অ্যালকোহল মিশিয়ে দেওয়ায় মদ বিষাক্ত হয়ে উঠতো।
মিথাইল অ্যালকোহল সাধারণত কাঠে রঙ করার কাজে ব্যবহৃত হয়।
ওই চোলাই মদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ইতোমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গে মদের বিষক্রিয়ায় নিহতের ঘটনা নতুন নয়। ২০০৯ সালে কলকাতা বন্দর এলাকায় চোলাই মদ খেয়ে ২৬ জনের মৃত্যু হয়। ওই বছরই পূর্ব মেদেনিপুরে মারা যায় ৫২ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪১৪ ঘ.
bdnews24