বৈরুত, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সেনাবাহিনীর পক্ষত্যাগকারী সেনাদের সাথে সংঘর্ষে সিরিয়ার সরকার অনুগত সেনাবাহিনীর অন্তত ২৭ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান আবজারভেটরি অব হিউম্যান রাইটস।
বৃহস্পতিবার ভোরে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশে এ ঘটনা ঘটে।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থাটি জানায়, পক্ষত্যাগকারী বিদ্রোহী সেনাসদস্যরা দেরা শহরের দুটি এলাকায় প্রেসিডেন্ট আসাদ অনুগত সেনাদের সাথে লড়াই করে।
এছাড়া দেরার ২৫ কিলোমিটার পূর্বে একটি চৌরাস্তার সেনা তল্লাশি চৌকিতেও উভয় পক্ষের মধ্যে লড়াই হয় বলে জানিয়েছে তারা।
তবে সরকার অনুগত সেনাদের সাথে বিদ্রোহী সেনাদের লড়াই কিভাবে শুরু হয় সে সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। স¤প্রতি সিরিয়ার সরকারি বাহিনীগুলোর ওপর পক্ষত্যাগকারী বিদ্রোহী সেনারা প্রায়ই হামলা চালাচ্ছে।
সিরিয়ান অবজারভেটরি রামি আব্দুল রহমান জানিয়েছেন, দেরার পূর্ব দিকে মুসাইফ্রা চৌরাস্তার লড়াইয়ে সরকারি যৌথ বাহিনীর ১৫ সেনার সবাই নিহত হয়। সরকার অনুগত সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সদস্যদের নিয়ে ১৫ জনের ওই দল মুসাইফ্রা তল্লাশি চৌকিটি পরিচালনা করছিলো বলে জানান তিনি।
নয় মাস আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে দেরা থেকেই আন্দোলন শুরু হয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী এই আন্দোলনে দমনে চালানো সরকারি দমন-পীড়নে এ পর্যন্ত ৫ হাজার বেসামরিক মানুষ নিহত হয়।
তবে আসাদ সরকার দাবি করছে, সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে সামরিক ও বেসামরিক নাগরিকদের ওপর সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় এ পর্যন্ত ১১শ’রও বেশি সেনা ও পুলিশ নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫৫ ঘ.
bdnews24